Don't Miss
Home / সারাদেশ / আজও ভারী বর্ষণের সতর্কবার্তা, ভূমিধসের আশঙ্কা

আজও ভারী বর্ষণের সতর্কবার্তা, ভূমিধসের আশঙ্কা

এমএনএ রিপোর্ট : বাংলাদেশে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশের চার বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া ভারী বৃষ্টির কারণে পার্বত্য এলাকায় পাহাড় ধসের আশঙ্কার কথাও জানিয়েছেন সংস্থাটি। এ বৃষ্টিপাতের কারণে ঢাকা, চট্টগ্রামসহ বেশকিছু শহরে তৈরি হয়েছে জলাবদ্ধতার। বেড়েছে ভোগান্তি। অন্যদিকে কোনো কোনো জায়গায় ভূমিধসও হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ শনিবারও (১৩ জুলাই) ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। রয়েছে ভূমিধসের আশঙ্কাও।

আবহাওয়া অফিসের সতর্কবার্তায় বলা হয়েছে, বাংলাদেশে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে আজ শনিবার (১৩ জুলাই) সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্রগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি (৮৯ মিলিমিটারের বেশি) বৃষ্টি হতে পারে। অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমি ধসের আশঙ্কা রয়েছে।

রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলেও জানিয়েছে অধিদপ্তর। তাই এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

গতকাল শুক্রবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় রাঙ্গামাটিতে ১৬৫, হাতিয়ায় ১৩৫, সীতাকুন্ডে ১২৯, টাঙ্গাইলে ১২২, কুতুবদিয়ায় ১১১, সন্দ্বীপে ১০১ এবং চট্টগ্রামে ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দছ জানান, আগামী দুদিন দেশের বেশিরভাগ জায়গায় এমন বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।

এদিকে দেশের চলমান বন্যা পরিস্থিতি আরো অবনতি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর।

আজ শনিবার (১৩জুলাই) আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের বন্যার পানি আরো বাড়াবে। কারণ ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। ওই বৃষ্টি আরো দুই/এক দিন স্থায়ী হবে।

এই পানি উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে বাংলাদেশ ভিতরে ঢুকে বন্যা পরিস্থিতি বাড়াবে।

এছাড়া রংপুর, সিলেট, ময়মনসিংহ চট্টগ্রামে আরো ২৪ ঘন্টা ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। বলেন, দেশের অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে আগামী ৪৮ ঘন্টার ভিতরে দেশের প্রায় সব এলাকার বৃষ্টিপাত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

x

Check Also

আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ...