Don't Miss
Home / হোম স্লাইডার / বঙ্গভবনে ইমরান-ইন্দিরার শপথ সন্ধ্যায়

বঙ্গভবনে ইমরান-ইন্দিরার শপথ সন্ধ্যায়

এমএনএ রিপোর্ট : মন্ত্রিসভায় নতুন দায়িত্ব নিতে আজ শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নিতে যাচ্ছেন ইমরান আহমেদ ও ফজিলাতুন নেসা ইন্দিরা। রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদিন জানান, সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি মেয়াদে তার মন্ত্রিসভা দ্বিতীয়বারের জন্য রদবদল করতে যাচ্ছেন। ইমরান আহমেদ এখন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। তিনি পূর্ণ মন্ত্রী হচ্ছেন। আর ফজিলাতুন নেসা ইন্দিরা প্রতিমন্ত্রী হিসেবে আসছেন মন্ত্রিসভায় নতুন মুখ হিসেবে।

ইমরানকে মন্ত্রী এবং আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ইন্দিরাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়ে আনুষ্ঠানিক আদেশ গত শুক্রবারই জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাদের শপথ পড়াবেন বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম আগেই জানিয়েছেন।

মন্ত্রী পরিষদ বিভাগ জানায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের ধারা- ২ অনুযায়ী ইমরান আহমদকে পূর্ণমন্ত্রী এবং ফজিলাতুন নেসা ইন্দিরাকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।

মন্ত্রী পরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়, ‘শপথগ্রহণের দিন থেকে এই নিয়োগ কার্যকর হবে।’

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয়ের পর গত ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় মেয়াদে শপথ নেন শেখ হাসিনা। ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রীকে নিয়ে নতুন সরকারের মন্ত্রিসভা সাজান তিনি।

পাঁচ মাসের মাথায় মন্ত্রিসভায় প্রথম পরিবর্তন এলেও নতুন কাউকে নেওয়া হয়নি।

প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তথ্যে বদলি করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বরত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়।

একজনের পদোন্নতি এবং একজনের অন্তর্ভুক্তিতে মন্ত্রিসভায় এখন মন্ত্রীর সংখ্যা বেড়ে হল ২৫ জন। তবে প্রতিমন্ত্রীর সংখ্যা আগের মতই ১৯ জন এবং উপমন্ত্রীর সংখ্যা তিনজন থাকল।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এতদিন কোনো মন্ত্রী ছিলেন না। সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ প্রতিমন্ত্রী হিসেবে একাই দায়িত্ব সামলাচ্ছিলেন।

দীর্ঘদিন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ব্যবসায়ী ইমরান ১৯৮৬ সাল থেকে ছয় বার সংসদে প্রতিনিধিত্ব করছেন। তার স্ত্রী অধ্যাপক নাসরিন আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য।

মন্ত্রীর দায়িত্বে ইমরান একই মন্ত্রণালয়ে থাকবেন, না প্রধানমন্ত্রী তার দপ্তর বদলে দেবেন, সে বিষয়ে কোনো ঘোষণা এখনও আসেনি।

ঘোষণা না এলেও সংরক্ষিত আসনের সংসদ সদস্য ইন্দিরা প্রতিমন্ত্রী হিসেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন বলে গুঞ্জন রয়েছে। এতদিন প্রধানমন্ত্রী নিজেই এ মন্ত্রণালয়ের দেখভাল করে আসছেন।

মুন্সীগঞ্জের মেয়ে ফজিলাতুন নেসা ইন্দিরা ইডেন কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি। তিনি মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি একটি সংরক্ষিত আসন থেকে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য মনোনীত হন।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...