
এমএনএ বিনোদন ডেস্ক : রুপালী পর্দার কিংবদন্তি নায়ক ফারুকের জন্মদিন আজ। ১৯৪৮ সালের ১৮ আগস্ট পুরান ঢাকায় ফারুক নামে পরিচিত আকবর হোসেন পাঠান দুলু জন্মগ্রহণ করেন। শৈশব ও কৈশোর কেটেছে পুরান ঢাকায়।
এমনকি ছোটবেলা থেকেই তার জন্মদিন বিশেষভাবে উদযাপিত হতো না। কারণ মাত্র আট বছর বয়সে ফারুক তার মা আফজালুন্নেসাকে হারিয়েছেন। মাকে হারানোর পর থেকেই যেন ফারুক জীবন সংগ্রামে পড়েন বরেণ্য এই অভিনেতা। তাই জন্মদিন নিয়ে কখনোই তার বিশেষ কোনো আগ্রহ ছিল না।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভক্ত এই চিত্রনায়ক ১৫ আগস্টের সেই নির্মম হত্যাকাণ্ডের পর আর কখনোই নিজের জন্মদিন পালন করেননি। জন্মদিন উপলক্ষে আজ তেমন একটা আয়োজন না থাকলেও, ফারুক অংশ নিচ্ছেন দুটি টিভি অনুষ্ঠানে।একটি বৈশাখী টিভির ‘আলাপন’ এবং অন্যটি চ্যানেল আই’য়ের ‘তারকা কথন’। তবে ফারুক বলেন ভিন্নকথা।
এ ব্যাপারে সংবাদমাধ্যমকে ফারুক বলেন, ‘আমার জন্মদিনে দুটি চ্যানেলের নিমন্ত্রণে আমি ঠিকই দুটি অনুষ্ঠানে যাচ্ছি। কিন্তু জন্মদিন নিয়ে আমার মাঝে তেমন কোন বিশেষ অনুভূতি নেই। কারণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান আমাকে খুব আদর করতেন। আর আগস্টেই আমরা তাকে নির্মমভাবে হারিয়েছি। সেই শোক আজও ভোলার নয়। তাই তার শোকেই কাটে এই মাসটি। নিজের জন্মদিন নিয়ে তাই কোন আগ্রহ থাকে না।
১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রের মাধ্যমে ফারুকের অভিষেক ঘটে। তার বিপরীতে ছিলেন আরেক কিংবদন্তি নায়িকা কবরী। এর পর ১৯৭৩ সালে খান আতাউর রহমানের ‘আবার তোরা মানুষ হ’, ১৯৭৪ সালে নারায়ণ ঘোষ মিতা পরিচালিত ‘আলোর মিছিল’ দুটি মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন। ১৯৭৫ সালে সুপার ডুপার হিট ‘সুজন সখি’ ও ‘লাঠিয়াল’ চলচ্চিত্রে অভিনয় করেন। এবং সে বছর ‘লাঠিয়াল’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব চরিত্রে অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এরপরে ১৯৭৬ সালে ‘দিন যায় কথা থাকে’, ‘মাটির মায়া’, ‘সূর্যগ্রহণ’ ও ‘নয়নমনি’, ১৯৭৮ এ শহীদুল্লাহ কায়সারের উপন্যাস থেকে নির্মিত ‘সারেং বৌ’, আমজাদ হোসেন এর ‘গোলাপী এখন ট্রেনে’ সহ অনেক কালজয়ী চলচ্চিত্রে অভিনয় করেন। চলচ্চিত্রের মানুষেরা তাকে ‘মিয়াভাই’ বলে ডাকেন।
বর্তমানে তিনি অভিনয় থেকে দূরে থাকলেও ক্ষমতাসীন দলের রাজনীতিতে সক্রিয় আছেন। পাশাপাশি নিজে একটি বেসরকারি ফার্মের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে আছেন।
আজ জন্মদিনে ফারুক চ্যানেলের অনুষ্ঠানে অংশগ্রহণ ছাড়া পরিবারের সঙ্গেই কাটাবেন। চলচ্চিত্রের বিশিষ্ট এই অভিনেতাকে মোহাম্মদী নিউজ এজেন্সী (এমএনএ) পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
ট্যাগসমূহ : কিংবদন্তি, চিত্রনায়ক, ফারুক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

