এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : উত্তর কোরিয়া আবারো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পরীক্ষা চালিয়েছে। তবে তা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপানের সংবাদমাধ্যমগুলো।
জাপানের কিয়োডো সংবাদ সংস্থা জানায়, উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলীয় শহর ওনসান থেকে পরীক্ষামূলক বেশকিছু মিসাইল উৎক্ষেপণের চেষ্টা চালায়। তবে কতগুলো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছিল এবং পরীক্ষাটি কোন ধরনের ছিল তা পরিষ্কার নয়।
প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, উত্তর কোরিয়া আবারো দূরপাল্লার কিছু ক্ষেপণাস্ত্রের ব্যর্থ পরীক্ষা চালিয়েছে। এ ব্যাপারে চুলচেরা বিশ্লেষণ চলছে বলেও জানান তারা।
এর আগে উচ্চ ক্ষমতাসম্পন্ন রকেট ইঞ্জিনের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ গত রবিবার এমনটি জানিয়েছে। সেখানে বলা হয়, দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন এই পরীক্ষাকে উত্তর কোরিয়ার রকেট শিল্পের ‘নব জন্ম’ হিসেবে ঘোষণা করেছেন।
দেশটির সর্বশেষ এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাগুলোকে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার চলমান বার্ষিক সামরিক মহড়ার প্রতিক্রিয়া হিসেবে বিবেচনা করছে পর্যবেক্ষকরা। এই সামরিক মহড়াকে তাদের ওপর আক্রমণের প্রস্তুতি হিসেবে বিবেচনা করে উত্তর কোরিয়া।
এর আগে চলতি মাসের প্রথমদিকে জাপান সাগরে চারটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল উত্তর কোরিয়া। প্রায় ১ হাজার কিলোমিটার পথ পারি দিয়ে ক্ষেপণাস্ত্রটি জাপানের অর্থনৈতিক সমুদ্রাঞ্চলে পড়ে বলে জানান জাপানের প্রধানমন্ত্রী। ক্ষেপণাস্ত্রগুলো কি ধরণের ছিল তা নিশ্চিত করে বলা যায়নি।
তবে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, চীন সীমান্তবর্তী উত্তর কোরিয়ার টোংচাং-রি অঞ্চল থেকে গত সোমবার এ চার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। স্থানীয় সময় সকাল ৭টা ৩৬ মিনিটে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছিলো।
দিন দিন পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সংখ্যা বাড়িয়ে তুলছে উত্তর কোরিয়া। বিশেষজ্ঞদের ধারণা ক্ষেপণাস্ত্র প্রযুক্তির উন্নয়ন ঘটানোর চেষ্টায় এসব পরীক্ষা করছে দেশটি।
যে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক পরীক্ষা থেকে উত্তর কোরিয়াকে বিরত রাখার জন্য দেশটির ওপর নিষেধাজ্ঞা জারি করে রেখেছে জাতিসংঘ। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে দেশটি ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

