Don't Miss
Home / হোম স্লাইডার / আমরা অধম হলে আপনি উত্তম হবেন না কেন?

আমরা অধম হলে আপনি উত্তম হবেন না কেন?

এমএনএ রিপোর্ট : সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আমরা ছিলাম ২৫ বছর আগের সরকার। এখন আপনাদের সরকারের কর্মকাণ্ড আমরা দেখতে পারছি। আপনি বলতে পারেন, আমাদের সময় কী ছিল? আমাদের সময় কী করেছি? সেগুলো হয়তো ২৫ বছর আগে ঠিক ছিল। ২৫ বছর পরে হয়তো ঠিক নাও হতে পারে। আমরা যদি অধম হই আপনি উত্তম হবেন না কেন?’

আজ বুধবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় রওশন এরশাদ এসব কথা বলেন।

বিরোধীদলীয় নেতা বলেন, দেশে বর্তমানে রাজনৈতিক অস্থিরতা না থাকলেও সামাজিক অস্থিরতা আছে। এই সমস্যা থেকে বের হয়ে আসতে তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। পুলিশ কর্মকর্তার স্ত্রীকে রাস্তায় মেরে ফেলা হলো। গুম, শিশু-নারীহত্যা চলছে। কর্মসংস্থানের অভাবে এগুলো হচ্ছে।

তিনি বলেন, পুলিশ দিয়ে এগুলো বন্ধ করা যাবে না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বন্ধ করতে হবে। দলমত-নির্বিশেষে সবাই আলোচনায় বসলে উপায় খোঁজা সম্ভব হবে।

Roushon-Ershadরওশন বলেন, দেশে শুধু অর্থনৈতিক ঘাটতি নয়, আর্থসামাজিক খাতে, মূল্যবোধ, রাজনৈতিক সংস্কৃতিতে ঘাটতি আছে। মিটিং-মিছিল-ইফতার-বিয়েতে অন্য দলের লোকদের সঙ্গে কথাবার্তা হয় না। এ অবস্থা থেকে বের হয়ে আসতে হবে।

কৃষকদের করের আওতায় আনার বিষয়ে অর্থমন্ত্রীর সমালোচনা করে রওশন এরশাদ বলেন, কৃষক জমির মালিক নন। কৃষকের ওপর অর্থমন্ত্রী কর ধরার চিন্তা করছেন। কৃষক লুঙ্গি পরেন। নেংটির ওপর কাপড় নেই। ভর্তার ওপর তরকারি নেই। এত নিচুতলার লোক কীভাবে কর দেবেন। তাঁরা এমনিতেই কর দিচ্ছেন, পরোক্ষ কর দিচ্ছেন। আবার কেন কর দিতে হবে। গরিবের ওপর কর দিয়ে ঘাটতি মেটাতে পারবেন না। কৃষক ন্যায্য মূল্য পান না। সামান্য ঋণ নিলে মামলা হয়। আবার অনেকে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিলেও মামলা হয় না। কৃষকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে এই টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পরিশোধ করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরির প্রসঙ্গে অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে রওশন আরও বলেন, কী করে চুরি হলো। কে, কীভাবে করল। ক্যাসিনোতে টাকা পাওয়া গেছে। সেটা আনার এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেই। তদন্ত হয়েছে। কমিটির রিপোর্ট সম্পর্কে কিছুই জানা যায়নি। অর্থমন্ত্রী নিজেই আক্ষেপ করেছেন, সাগর চুরি হয়েছে। এর দায়দায়িত্ব কার? এর উত্তর কি তিনি দয়া করে দেবেন?

প্রস্তাবিত অর্থবছরের বাজেটঘাটতি প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, এত ঘাটতি নিয়ে অর্থমন্ত্রী কীভাবে স্বপ্ন দেখলেন। গত বাজেটে সমৃদ্ধির সোপানে উঠতে চেয়েছিলেন। সেটা কতটুকু উঠতে পেরেছিলেন? স্বপ্ন দেখতে ভালো লাগে। কিন্তু ঘুম থেকে উঠে তো আর স্বপ্ন দেখি না।

পাবনা রূপপুরে রাশিয়ার সহযোগিতায় নির্মিতব্য পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন রওশন। শিক্ষায় বরাদ্দ বাড়ানোর পাশাপাশি এর মান উন্নয়নে শিক্ষামন্ত্রীকে নির্দেশ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...