Don't Miss
Home / আজকের সংবাদ / আ’লীগের প্রার্থীকেই সমর্থন দেবে ১৪ দল : নাসিম

আ’লীগের প্রার্থীকেই সমর্থন দেবে ১৪ দল : নাসিম

এমএনএ রিপোর্ট : ঢাকা উত্তর সিটি করপোরেশনে আ’লীগের মনোনীত প্রার্থীকেই ১৪ দল সমর্থন দেবে বলে জানিয়েছেন ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে আজ সোমবার ১৪ দলের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।
মোহাম্মদ নাসিম বলেন, ডিএনসিসি নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে প্রার্থী ঘোষণা করবেন ১৪ দল ঐক্যবদ্ধভাবে তাকে সমর্থন এবং তার বিজয় নিশ্চিত করবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র পদে উপ-নির্বাচন আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ডিএনসিসি ও ডিএসসিসিতে নতুনভাবে অন্তর্ভুক্ত ৩৬ ওয়ার্ডের নির্বাচনও হবে।
‘আগামী নির্বাচনকে ১৪ দল গণভোট মনে করে’ উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, মুক্তিযুদ্ধের শক্তির চূড়ান্ত বিজয়ের জন্য এ নির্বাচন হবে। এ দেশে মুক্তিযুদ্ধের শক্তিকে পরাভূত করার জন্য বারবার সামরিক আইন জারি করা হয়েছে। অবৈধভাবে ক্ষমতা দখল করার মাধ্যমে সংবিধানকে ক্ষতবিক্ষত করে মুক্তিযুদ্ধের চেতনাকে রক্তাক্ত করা হয়েছে।
তিনি বলেন, বর্তমান সরকারের অর্জন আকাশচুম্বী। সরকারের ভুল থাকতে পারে কিন্তু শেখ হাসিনার সরকারের সফলতা হিমালয় তুল্য। সরকার অর্থনৈতিক, সামাজিক ও জঙ্গি দমনসহ সবক্ষেত্রে উন্নয়ন করেছে। মোহাম্মদ নাসিম বলেন, একাত্তরের পরাজিত শক্তি দেশের উন্নয়ন মেনে নিতে পারে নাই। তারা বারবার চক্রান্ত করেছে, এখনও করছে। তাদের নেত্রী খালেদা জিয়া। তিনি ও তার দলের নেতারা প্রকাশ্যে বলছেন, শেখ হাসিনার নেতৃত্বে হওয়া নির্বাচন প্রতিহত করবেন। আমরা ২০১৪ সালেও সফল হয়েছি। ২০১৪ সালে আমরা ব্যর্থ হলে দেশে অসাংবিধানিক সরকার ক্ষমতায় আসত, দেশের উন্নয়ন হতো না। আমরা তাদের আগামীতেও পরাজিত করব।
জোটের মুখপাত্র বলেন, সরকারের চার বছর পূর্তিতে দেয়া ভাষণের জন্য আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায়। তিনি এ ভাষণের মাধ্যমে বিগত চার বছরের সাফল্য ও উন্নয়নমূলক কর্মকাণ্ডকে বিশ্লেষণ করেছেন।
তিনি বলেন, অসাংবিধানিকভাবে ক্ষমতায় আসার জন্য একটি মহল অনেক আগে থেকেই চক্রান্ত করছে। প্রধানমন্ত্রী তার ভাষণে আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে সুষ্পষ্ট ভাষায় বলেছেন, সাংবিধানিকভাবে এ নির্বাচন হবে।
জোটের মুখপাত্র জানান, জোটের পক্ষে জনমত তৈরি করতে তারা দেশব্যাপী সফর করবেন।
বৈঠকে আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দীপু মণি, বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আবদুস সোবহান গোলাপ, অসীম কুমার উকিল, আফজাল হোসেন, আব্দুস সবুর, রিয়াজুল কবীর কাওছার প্রমুখ।
জোট নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, জাসদের (একাংশ) সাধারণ সম্পাদক শিরিন আক্তার, তরিকত ফেড়ারেশনের মহাসচিব এমএ আউয়াল, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন প্রমুখ।
x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...