আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন স্বপন
Posted by: News Desk
April 22, 2018
এমএনএ রিপোর্ট : ওবায়দুল কাদেরের স্থলে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে।
বর্তমানে ভারতে সফররত দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা ছাড়ার আগে অন্য নেতাদের সামনে মৌখিকভাবে এ দায়িত্ব দেন তাকে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ চারজন যুগ্ম সাধারণ সম্পাদকই বর্তমানে দেশের বাইরে রয়েছেন। দলের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনিও সফরে লন্ডনে অবস্থান করছেন।
ওবায়দুল কাদেরের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও রয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য পিযুষ কান্তি ভট্টাচার্য্য, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, অ্যাডভোকেট মো. মিজবাহউদ্দিন সিরাজ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, একেএম এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণালকান্তি দাস, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, নির্বাহী সদস্য মো. গোলাম কিবরিয়া রাব্বানী চিনু।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন আজ রবিবার তার নতুন দায়িত্বের কথা নিশ্চিত করে বলেন, ভারতে সফররত দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা ছাড়ার আগে আমাকে মৌখিকভাবে এ দায়িত্ব দিয়েছেন।
প্রসঙ্গত, ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে আসা স্বপন এ নিয়ে তিনবারের মতো সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
উল্লেখ্য, তিনদিনের সফরে ভারতের উদ্দেশ্যে রোববার ঢাকা ছেড়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বাধীন ১৯ সদস্যের প্রতিনিধি দল।
সকাল ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে দিল্লির উদ্দেশে তারা রওনা করেন। বিজেপির আমন্ত্রণে আওয়ামী লীগের প্রতিনিধি দল এ সফর করছেন। সফর শেষে আগামী ২৪ এপ্রিল তাদের ঢাকা ফেরার কথা রয়েছে।
সম্পাদক সাধারণ ভারপ্রাপ্ত আ'লীগের হলেন স্বপন 2018-04-22