Don't Miss
Home / আজকের সংবাদ / আল জাজিরার প্রতিবেদন দেশবিরোধী ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

আল জাজিরার প্রতিবেদন দেশবিরোধী ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

 এমএনএ সংবাদ ডেস্ক : আল জাজিরার প্রতিবেদন দেশবিরোধী ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বুধবার সকালে রাজধানীর গুলশানের পুলিশ প্লাজায় নৌ-পুলিশের ‘বঙ্গবন্ধু কর্নারের’ উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আল জাজিরার প্রতিবেদন তথ্যভিত্তিক নয়, এটা হলুদ সাংবাদিকতা। বিশেষ উদ্দেশ্য নিয়েই এ ধরণের সংবাদ প্রকাশ করা হচ্ছে।

তিনি বলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী, আইএসপিআর ওই প্রতিবেদনের জবাব দিয়েছেন। প্রতিবেদনটি তথ্যভিত্তিক নয়। এটা হলুদ সাংবাদিকতা। এগুলো সাংবাদিকতার নর্মসের ভেতরে পড়ে না।

এর আগে সোমবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আল জাজিরায় প্রকাশিত প্রতিবেদনকে ‘মিথ্যা ও মানহানিকর’ হিসেবে বর্ণনা করা হয়। সেখানে বলা হয়, কিছু ‘উগ্রপন্থি ও তাদের সহযোগী, যারা লন্ডন এবং বিভিন্ন জায়গায় থেকে এসব করছে’, তাদের এই ‘বেপরোয়া অপপ্রচারকে’ বাংলাদেশ সরকার প্রত্যাখ্যান করছে।

আর সেনা সদরের তরফ থেকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিবৃতিতে ওই প্রতিবেদনকে বর্ণনা করা হয় ‘সাজানো এবং দুরভিসন্ধিমূলক’ হিসেবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি মনে করি, যারা এটা করেছে। তাদের একটি উদ্দেশ্য ছিল। সে উদ্দেশ্য নিয়ে তারা এ ধরনের ঘটনা ঘটিয়েছেন। আমরা মনে করি এগুলো ভিত্তিহীন এবং দেশবিরোধী একটি ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ ঘটছে।

ভেজাল মদ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, করোনায় মদ আমদানি বন্ধ।এ কারণে দেশে ভেজাল মদের উৎপাদন বাড়ছে। অসাধু ব্যবসায়ীরাও ভেজাল মদ বাজারে ছড়িয়ে দিচ্ছে। এ ধরনের ব্যবসায়ীদের ধরতে কাজ করছে ডিবি পুলিশ।

অনেকে ইতোমধ্যে ধরা পরেছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

দেশে উৎপাদিত কেরু কোম্পানির উৎপাদন বন্ধ হয়নি, তাই মদপানে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

পরে মিয়ানমার প্রসঙ্গে বলেন, এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। তবে এ সময় সীমান্ত দিয়ে কেউ যেন অনুপ্রবেশ করতে না পারে সেজন্য নজরদারি বাড়ানো হয়েছে।

x

Check Also

আড়াই বছরের মধ্যে ঢাকার চার আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তর, আসছে রুটভিত্তিক কোম্পানি ব্যবস্থা

এমএনএ প্রতিবেদক রাজধানী ঢাকার যানজট কমানো, গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আধুনিক পরিবহন ব্যবস্থাপনা গড়ে ...