এমএনএ খেলাধুলা ডেস্ক : আয়ারল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়েছে যুক্তরাষ্ট্র। প্রথমবারের মতো কোনো টেস্ট খেলুড়ে দলের সঙ্গে টি-টোয়েন্টিতে জয় পেয়েছে তারা।বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিজেদের মাঠে আইরিশদের বিপক্ষে মার্কিনিদের জয় ২৬ রানে। ফ্লোরিডার ব্লোওয়ার্ড পার্ক স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে ১৮৮ রান করে যুক্তরাষ্ট্র। জবাবে ১৬২ রানে গুটিয়ে যায় পল স্টার্লিংদের ইনিংস। তাতে রেকর্ডের খাতায় উঠে গেছে যুক্তরাষ্ট্রের নাম। ৪২ বলে ৬৫ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন গজানন্দ সিং।
যুক্তরাষ্ট্রের টপ অর্ডারের প্রথম চার ব্যাটারের ব্যর্থতার পর যুক্তরাষ্ট্রের ইনিংসের ভিত্তি গড়ে সুশান্ত মোদানি ও গজানন্দের ব্যাটে ভর করে। তারাই স্কোরটাকে নিয়ে যান উঁচুতে। সুশান্ত ৩৯ বলে করেন ৫০ রান। গজানন্দের ৪২ বলের ইনিংসে ছিল ৩টি চার ও ৫টি ছয়ের মার। ১৫ বলে মার্টি কেন করেন ৩৯ রান। আয়ারল্যান্ডের হয়ে ৩০ রান খরচায় ৪ উইকেট নেন ব্যারি ম্যাককার্থি। একটি করে উইকেট পান সিনি সিং ও বেঞ্জামিন হোয়াইট।
জবাবে উদ্বোধনী জুটিতে ১২ রান তোলে আয়ারল্যান্ড। অ্যান্ড্রু বালবার্নি ৪ রানে আউট হলেও পল স্টার্লিং করেন ৩১ রান। লর্কান টাকারের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৫৭ রান। বাকিদের মধ্যে শেন গেটকেট ১৯, কার্টিস ক্যাম্পার ১৭, উইলিয়াম ম্যাকক্লিনট ও মার্ক অ্যাডার ৯ রান করেন। যুক্তরাষ্ট্রের হয়ে দুটি করে উইকেট পান সৌরভ, আলি খান ও নিসার্গ প্যাটেল।এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে চারবারের দেখায় প্রতিবারই হেরেছে যুক্তরাষ্ট্র।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

