Don't Miss
Home / আজকের সংবাদ / ইন্দোনেশিয়ার উড়োজাহাজটি সাগরে বিধ্বস্ত হয়েছে

ইন্দোনেশিয়ার উড়োজাহাজটি সাগরে বিধ্বস্ত হয়েছে

এমএনএ আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে বোয়িংয়ের একটি উড়োজাহাজ ৬২ আরোহী নিয়ে উড্ডয়নের কিছুক্ষণ পর কাছের একটি সাগরে বিধ্বস্ত হয়েছে। শনিবার রাতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইন্দোনেশিয়ার পরিবহণমন্ত্রী বুদি কারিয়া এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ওই ফ্লাইটে ১২ ক্রুসহ ৬২ আরোহী ছিলেন। ডেটিক ডটকম পরিবহণমন্ত্রীর বরাত দিয়ে বলেছে, উড়োজাহাজটি বিমানবন্দর থেকে ২০ কিলোমিটার দূরে লাকি দ্বীপের কাছে সাগরে বিধ্বস্ত হয়েছে।

বিমানটি জাকার্তার সুকর্ণ-হাট্টা বিমানবন্দর থেকে ছেড়ে গিয়েছিল। এটি পশ্চিম কালিমানতান প্রদেশের রাজধানী পন্টিয়ানাকের দিকে যাচ্ছিল।

স্থানীয় সংবাদমাধ্যম সিন্দোনিউজের বরাত দিয়ে জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, এর আগে দুটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হওয়া বোয়িং ৭৩৭ ম্যাক্স সিরিজের উড়োজাহাজ ছিল না এটি। নিখোঁজ উড়োজাহাজটি ২৭ বছরের পুরোনো বোয়িং ৭৩৭-৫০০ সিরিজের।

স্থানীয় বিমান সংস্থা শ্রীবিজয়া এয়ার উড়োজাহাজটির মালিক। সংস্থাটি জানিয়েছে, তারা উড়োজাহাজটির ব্যাপারে সব ধরনের তথ্য সংগ্রহ করছে।

এর আগে ২০১৮ সালের অক্টোবরে ইন্দোনেশিয়ার লায়ন এয়ারের একটি উড়োজাহাজ সমুদ্রে বিধ্বস্ত হয়ে ১৮৯ যাত্রী নিহত হয়।

আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকার ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, উড়োজাহাজটি উড্ডয়নের এক মিনিটেরও কম সময়ের মধ্যে নিয়ন্ত্রণ কক্ষের সংযোগ হারায়।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...