Don't Miss
Home / হোম স্লাইডার / ইরানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২, আহত ২৪১

ইরানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২, আহত ২৪১

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : ইরানে শক্তিশালী ভূমিকম্পে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে দুই শতাধিক মানুষ।

স্থানীয় গণমাধ্যমে পাওয়া তথ্যের বরাত দিয়ে আজ রবিবার বার্তা সংস্থা এএফপি এ কথা জানিয়েছে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএসের তথ্য অনুযায়ী, আজ রবিবার স্থানীয় সময় ভোররাত পৌনে ৩টার দিকে ইরানের কারমানশাহ প্রদেশের জাভানরুদ শহরের ২৬ কিলোমিটার দক্ষিণপশ্চিমে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬। গত বছর এই এলাকার কাছেই শক্তিশালী এক ভূমিকম্পে ছয় শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল।

ইরাকের রাজধানী বাগদাদেও এই ভূমিকম্প অনুভূত হয়। তবে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কারমানশাহ ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সেস-এর জরুরি বিভাগের প্রধান সায়েব শারিদারি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ-কে জানান, ভূমিকম্পে এখন পর্যন্ত তারা দু’জনের মৃত্যুর খবর পেয়েছেন। এছাড়া অন্তত ২৪১ জন আহত হয়েছে যাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

কারমানশাহ প্রদেশের গভর্নর হাউশ্যাং বাজভ্যান্দ জানান, ভূমিকম্পের পর দুর্যোগ কেন্দ্র খোলা হয়েছে এবং হাসপাতাল ও সাহায্য সংস্থাগুলোকে সতর্ক রাখা হয়েছে।

ইরাকেও এই ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে বলেও আইআরএনএ-র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে ক্ষয়ক্ষতির কিছু চিত্র দেখা গেছে।

ইরান ভৌগলিকভাবে প্রধান দু’টি টেকটোনিক প্লেটের ওপর অবস্থিত এবং এ কারণে প্রায়ই দেশটিতে ভূমিকম্প অনুভূত হয়।

এর আগে গত বছরের নভেম্বরে কারমানশাহ প্রদেশের সীমান্তবর্তী গ্রাম ও শহরগুলোতে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্পে ৬২০ জনের মৃত্যু হয়। এছাড়া একই ঘটনায় ইরাকে মারা যায় আটজন। সেসময় আহত হয়েছিলেন হাজারও মানুষ। এক দশকেরও বেশি সময়ের মধ্যে ইরানে সংঘটিত সবচেয়ে প্রাণঘাতী ওই ‍ভূমিকম্পে কয়েক হাজার লোক আহত হয়েছিল।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...