Don't Miss
Home / জাতীয় / ঈদের আগেই কাহারোলের সাহাপাড়া খালে খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ঈদের আগেই কাহারোলের সাহাপাড়া খালে খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এমএনএ প্রতিবেদক

দেশব্যাপী “নদী-নালা-খাল ও জলাধার খনন এবং পুনঃখনন” কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন।

সভায় ঈদের আগেই প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচির উদ্বোধন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় জানানো হয়, প্রধানমন্ত্রী দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বড়রামপুরে সাহাপাড়া খালে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করবেন। একই সঙ্গে দেশের ৬৩টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা খাল খনন কার্যক্রমের উদ্বোধন করবেন।

সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে মানুষের হৃদয় জয় করেছিলেন এবং এটিকে একটি আন্দোলনে রূপ দিয়েছিলেন। তিনি খাল খনন কর্মসূচি আরও বেগবান করতে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, দীর্ঘদিন খাল খনন না হওয়ায় দেশে সেচ ব্যবস্থায় ঘাটতি তৈরি হয়েছে এবং জলাবদ্ধতার কারণে মানুষের দুর্ভোগ বেড়েছে। তিনি বলেন, বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার এবং জনকল্যাণে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করবে। খাল খনন কর্মসূচিকে দৃশ্যমান ও কার্যকর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, খাল খনন কর্মসূচি নিয়ে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। তিনি ১৮০ দিনের খাল খনন কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল ইসলাম, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্ল্যাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

x

Check Also

লাভজনক হয়েও ১০১ কোটি টাকা পরিশোধে বিএসসির গড়িমসি, বিপাকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম প্রতিনিধি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হওয়া সত্ত্বেও বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) এখনো ১০১ কোটি টাকার ...