Don't Miss
Home / আইনশৃঙ্খলা ও অপরাধ / ঈদে ঢাকা ছাড়ার আগে মূল্যবান জিনিস নিরাপদে রাখার পরামর্শ ডিএমপির

ঈদে ঢাকা ছাড়ার আগে মূল্যবান জিনিস নিরাপদে রাখার পরামর্শ ডিএমপির

এমএনএ প্রতিবেদক

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ছাড়ার আগে নগদ অর্থ, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ দলিল বাসায় অরক্ষিত অবস্থায় না রেখে নিরাপদ স্থানে রাখার পরামর্শ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)–এর ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। তিনি বলেন, এসব মূল্যবান জিনিস সম্ভব হলে আত্মীয়স্বজনের কাছে রেখে যাওয়া উচিত। আর ঢাকায় আত্মীয়স্বজন না থাকলে প্রয়োজনে থানার সহায়তা নেওয়া যেতে পারে।

রোববার **ঢাকা মহানগর পুলিশ মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা এবং ফাঁকা রাজধানীর নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার জানান, ঈদ সামনে রেখে নগরবাসীর নিরাপদ যাত্রা নিশ্চিত করা এবং ফাঁকা রাজধানীতে অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বাসা ছাড়ার আগে দরজা–জানালা ঠিকভাবে বন্ধ আছে কি না তা নিশ্চিত করার পাশাপাশি বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ পরীক্ষা করে যাওয়ার পরামর্শ দেন।

এ ছাড়া বাসাবাড়িতে সিসিটিভি ক্যামেরা স্থাপন বা পুরোনো ক্যামেরা সচল রাখার আহ্বান জানান তিনি। রাতের বেলায় বাসার আশপাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখার কথাও বলেন।

নিরাপত্তা জোরদার করতে রাজধানীতে টহল কার্যক্রম বাড়ানো হয়েছে বলে জানান তিনি। প্রতিদিন তিন শতাধিক মোটরসাইকেল ও গাড়ি দিয়ে মোবাইল প্যাট্রোল পরিচালনা করা হচ্ছে। রাতের বেলায় ৭০টির বেশি চেকপোস্ট বসানো হয়েছে এবং বিভিন্ন এলাকায় ফুট প্যাট্রোলও চলছে। আবাসিক, বাণিজ্যিক ও কূটনৈতিক এলাকায় বিশেষ নজরদারি থাকবে।

তিনি আরও জানান, রাজধানীর চারটি বাস টার্মিনাল, একটি লঞ্চ টার্মিনাল এবং রেলস্টেশনকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও দায়িত্ব পালন করবে।

ঈদকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন বিপণিবিতানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত অতিরিক্ত প্রায় এক হাজার পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। ছিনতাইকারী, অজ্ঞান পার্টি, মলম পার্টি ও পকেটমারদের তৎপরতা ঠেকাতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

এ ছাড়া ঈদের দিন থেকে কয়েক দিন রাজধানীর ফাঁকা সড়কে রেসিং বা অতিরিক্ত গতিতে গাড়ি চালানো প্রতিরোধে পূর্বাচল এক্সপ্রেসওয়ে, বনানী থেকে আবদুল্লাহপুর এবং গুলশান এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পরিকল্পনার কথাও জানান ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার।

x

Check Also

আড়াই বছরের মধ্যে ঢাকার চার আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তর, আসছে রুটভিত্তিক কোম্পানি ব্যবস্থা

এমএনএ প্রতিবেদক রাজধানী ঢাকার যানজট কমানো, গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আধুনিক পরিবহন ব্যবস্থাপনা গড়ে ...