Don't Miss
Home / আজকের সংবাদ / ঈদ-যাত্রায় বিআরটিসির ৯০০ বাস চলবে

ঈদ-যাত্রায় বিআরটিসির ৯০০ বাস চলবে

এমএনএ রিপোর্ট : আসন্ন ঈদে ঘরমুখী মানুষের জন্য সরকারের পরিবহন সংস্থা বিআরটিসির ৯০০ বাস রাস্তায় থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার সকালে কমলাপুর বাস ডিপোতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পেনশন ও গ্র্যাচুইটির চেক বিতরণ ও ঈদসেবা নিয়ে এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব তথ্য জানান।

মন্ত্রী জানান, ৯০০ স্পেশাল বাসের মধ্যে ৪৬৬টি জেলা ও উপজেলা পর্যায়ে চলবে। ৫০টি বাস ঢাকার বিআরটিসি ডিপোতে ‘স্ট্যান্ডবাই’ রাখা হবে। আরও ৩০০ বাস মেরামত করে দূরপাল্লায় যাতায়াতের জন্য প্রস্তুত করা হচ্ছে।

এই বাসগুলো ২২ জুন থেকে ঈদুল ফিতরের পরবর্তী তিন দিন পর্যন্ত চলবে এবং ঈদের সাত দিন আগে থেকে বিআরটিসির ‘স্পেশাল’ বাসের টিকিট পাওয়া যাবে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, সরকার নির্ধারিত ভাড়ার বাইরে কেউ যেন অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে, সেজন্য সারা দেশে বিআরটিসি কাউন্টারে ভাড়ার তালিকা টানিয়ে দেওয়া হবে। এছাড়াও

ওবায়দুল কাদের বলেন, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বিআরটিসির তিনটি পর্যবেক্ষণ দল কাজ করবে। এ ছাড়া সড়কে বাসের কোনো সমস্যা হলে তাৎক্ষণিকভাবে মেরামতের জন্য পাঁচ সদস্যবিশিষ্ট চারটি কারিগরি দল গঠন করা হবে। এই দলগুলো টাঙ্গাইল, বগুড়া, রংপুর এবং কাঁচপুর সেতু এলাকায় অবস্থান নেবে।

তিনি বলেন, ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও যানজট নিয়ন্ত্রণে রাখতে সড়কে ট্রাফিক পুলিশের পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নিয়োজিত থাকবে।

ওবায়দুল কাদের জানান, ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় বিআরটিসির জন্য ৬০০ বাস ও ৫০০ ট্রাক সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ডিসেম্বর নাগাদ বাস ও ট্রাকের বহর ঢাকায় আসতে শুরু করবে।

সরকারি সেবা সংস্থা বিআরটিসির অনিয়ম সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, বিআরটিসি বহু বছর ধরে দুর্নাম নিয়ে চলছে। এখানকার কর্মকর্তাদের ঠিকমতো দায়িত্ব পালনের দৃষ্টান্ত খুব কম। ডিপো ম্যানেজারদের বিরুদ্ধে অনেক অনিয়মের অভিযোগ আছে। এমন অভিযোগও আসে, যেগুলো খুব কষ্টদায়ক। আর কত টাকা দরকার আপনাদের? জনগণের টাকা নিয়ে কেউ ছিনিমিনি খেলবেন না। বিআরটিসির সুনাম ফিরিয়ে আনুন। দুর্নীতি, অনিয়ম বন্ধ করুন। বিআরটিসির জন্য সরকার শুধু দেবে, আর কিছুই পাবে না, এটা কেমন করে হয়?

বিআরটিসিকে সুনামের ধারায় ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী শখ হাসিনার বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে ওবায়দুল কাদের বিআরটিসির শ্রমিক-কর্মচারী-কর্মকর্তাদের উদ্দেশে বলেন, বিআরটিসিকে সুনামের ধারায় ফিরিয়ে আনুন। দুর্নীতি বন্ধ করতে হবে। জনগণ যেসব অভিযোগ করে সেবসব অভিযোগ অমূলক নয়।

এর আগে মন্ত্রী বিআরটিসি’র অবসরপ্রাপ্ত ২১ জন কর্মকর্তা-কর্মচারীর অনুকূলে পেনশন ও গ্র্যাচুইটির বকেয়া পাওনার চেক তুলে দেন।

সভায় এসময় বিআরটিসি’র চেয়ারম্যান মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...