Don't Miss
Home / আজকের সংবাদ / উত্তরসূরি নির্বাচনে ঐকমত্য, খামেনির ছেলে মোজতাবা সম্ভাব্য নতুন সর্বোচ্চ নেতা

উত্তরসূরি নির্বাচনে ঐকমত্য, খামেনির ছেলে মোজতাবা সম্ভাব্য নতুন সর্বোচ্চ নেতা

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনির পর ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বে থাকা বিশেষজ্ঞ পর্ষদ (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) সম্ভাব্য উত্তরসূরি নিয়ে প্রায় সংখ্যাগরিষ্ঠ ঐকমত্যে পৌঁছেছে বলে জানিয়েছেন পর্ষদের সদস্য আয়াতুল্লাহ মোহাম্মদ মেহদি মিরবাঘেরি।

রোববার ইরানি সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সিকে দেওয়া এক মন্তব্যে তিনি জানান, নেতা নির্বাচনের বিষয়ে পর্ষদের সদস্যদের মধ্যে মূলত ঐক্যমত তৈরি হয়েছে। তবে এখনো কিছু ‘প্রতিবন্ধকতা’ রয়ে গেছে, যেগুলো সমাধান করা প্রয়োজন।

এর আগে শনিবার পর্ষদের এক জ্যেষ্ঠ আলেম জানান, নতুন সর্বোচ্চ নেতা নির্ধারণে সদস্যরা খুব শিগগিরই—সম্ভবত এক দিনের মধ্যেই—বৈঠকে বসবেন।

ইরানের গণমাধ্যমগুলো বলছে, পর্ষদের সদস্যদের মধ্যে একটি বিষয় নিয়ে সামান্য মতভেদ দেখা দিয়েছে। তা হলো, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য সশরীরে বৈঠক বাধ্যতামূলক কি না, নাকি আনুষ্ঠানিক বৈঠক ছাড়াই সিদ্ধান্ত ঘোষণা করা যেতে পারে।

নূর নিউজে প্রকাশিত এক ভিডিওতে পর্ষদের আরেক সদস্য আয়াতুল্লাহ মহসিন হায়দারি আলেকাসির বলেন, বর্তমান পরিস্থিতিতে সদস্যদের সশরীরে উপস্থিত হয়ে ভোট দেওয়া সম্ভব নয়। তিনি জানান, প্রয়াত সর্বোচ্চ নেতার দেওয়া নির্দেশনার ভিত্তিতেই একজন সম্ভাব্য প্রার্থীকে বাছাই করা হয়েছে।

হায়দারি আলেকাসির বলেন, খামেনির পরামর্শ ছিল—ইরানের সর্বোচ্চ নেতা এমন একজন হতে হবে, যাকে শত্রুরা প্রশংসা নয়, বরং ঘৃণা করবে। নির্বাচিত সম্ভাব্য প্রার্থী সম্পর্কে তিনি বলেন, এমনকি ‘বড় শয়তান’ বলে পরিচিত যুক্তরাষ্ট্রও তাঁর নাম উল্লেখ করেছে।

উল্লেখ্য, কয়েক দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন যে খামেনির ছেলে মোজতাবা খামেনি তাঁর কাছে ‘অগ্রহণযোগ্য’ পছন্দ।

যুদ্ধের মধ্যে জাতির উদ্দেশে প্রেসিডেন্টের ভাষণ

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা ও সংঘাতের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রচারিত ভাষণে তিনি বলেন, ইরান প্রতিবেশী ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। তবে শত্রু রাষ্ট্রগুলো আঞ্চলিক দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে।

পেজেশকিয়ান বলেন, অন্য কোনো দেশের ভূখণ্ড ব্যবহার করে ইরানের ওপর হামলা চালানো হলে তেহরান জবাব দিতে বাধ্য হচ্ছে। তবে এর অর্থ এই নয় যে ওই দেশগুলোর সঙ্গে ইরানের সরাসরি বিরোধ রয়েছে।

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, যারা ইরানের ওপর আক্রমণ চালাবে তাদের বিরুদ্ধে দেশটি দৃঢ় ও কঠোর জবাব দেবে। তিনি জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, দেশের মাটি ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।

“জনগণের ঐক্য ও অংশগ্রহণের মাধ্যমে ইরান শত্রুকে তার এক ইঞ্চি জমিও দখল করতে দেবে না,” বলেন তিনি।

x

Check Also

কর কর্মকর্তাদের সততা, নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রিহ্যাবের

এমএনএ প্রতিবেদক কর কর্মকর্তাদের সততা, স্বচ্ছতা ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ রিয়েল ...