Don't Miss
Home / হোম স্লাইডার / উৎসবমুখর ভোট হবে, এটাই আশা করছি : সিইসি

উৎসবমুখর ভোট হবে, এটাই আশা করছি : সিইসি

এমএনএ রিপোর্ট : প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, সব দল ও সবচেয়ে বেশি প্রার্থী এবারের নির্বাচনে অংশ নিচ্ছে। উৎসবমুখর ভোট হবে, এটাই আশা করছি। তিনি বলেছেন, নির্বাচন নিয়ে আতঙ্কের বিষয়ে বিএনপির অভিযোগও ভুল প্রমাণ হবে।

‘সংখ্যালঘু’ সম্প্রদায়সহ সব ভোটারের নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে আগামী রবিবার সবাইকে নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

আজ শুক্রবার সকালে নির্বাচন ভবনে স্থাপিত ‘একাদশ সংসদ নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন’ কেন্দ্র পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন সিইসি।

সিইসি বলেন, নির্বাচনের প্রচারণা আজ শুক্রবার সকাল আটটা থেকে বন্ধ হয়ে গেছে। এখন সবাই ভোট দেওয়ার জন্য প্রস্তুত। নির্বাচন কমিশনের প্রস্তুতিও শেষ পর্যায়ে। এখন প্রার্থী ও প্রার্থীর সমর্থক সুষ্ঠু নির্বাচনের জন্য যার যার অবস্থান থেকে নির্বাচনে অংশ নেবেন। কাউকে কোনো ধরনের বাধা কেউ দিতে পারবে না।

নির্বাচন নিয়ে আতঙ্ক রয়েছে বিএনপি ও বিরোধীপক্ষের এ অভিযোগের ব্যাপারে সিইসি বলেন, তাদের অভিযোগ অবশ্যই ভুল প্রমাণ হবে। ভোটাররা সবাই উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ভোট দিবে।

তিনি বলেন, ব্যাপক সংখ্যক দল ও সর্বাধিক প্রার্থী এবারের নির্বাচনে অংশগ্রহণ করেছে। উৎসবমুখর ভোট হবে এটাই আশা।

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, শাহাদাত হোসেন চৌধুরী, কবিতা খানম এবং ইসি সচিব হেলালুদ্দীন, এনআইডি উইংয়ের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম এসময় সিইসির সঙ্গেই ছিলেন।

৩০ ডিসেম্বর রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দেশের ২৯৯ আসনের ৪০ হাজারের বেশি কেন্দ্রে একযোগে ভোট হবে।

একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে সার্বিক পরিস্থিতি তুলে ধরতে আগামীকাল শনিবার বিকাল ৩টায় সংবাদ সম্মেলন করবেন সিইসি কে এম নূরুল হুদা।

এর আগে ৮ নভেম্বর জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে তিনি এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...