এইচএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫
Posted by: News Desk
July 19, 2018
এমএনএ রিপোর্ট : মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিকেও (এইচএসসিতে) ফল বিপর্যয় ঘটেছে। উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে।
উচ্চ মাধ্যমিকে এবার পাস করেছে ৬৬.৬৪ শতাংশ শিক্ষার্থী। গত বছর এ পরীক্ষায় পাসের হার ছিল ৬৮ দশমিক ৯১ শতাংশ। অর্থ্যাৎ এবার পাসের হার কমেছে ২.২৭ শতাংশ।
এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২৯ হাজার ২৬২ জন। গতবার ছিল ৩৭ হাজার ৯৬৯ জন। সেই হিসাবে এবার জিপিএ-৫ কমেছে ৮ হাজার ৭০৭ জন।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শিক্ষাবোর্ডগুলোর ফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ফলের বিস্তারিত তুলে ধরেন। দুপুর দেড়টা থেকে সবাই ফল জানতে পারছে।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, প্রতিবারের মতো এবারও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকে ফল জানতে পারবে শিক্ষার্থীরা। মোবাইল ফোনেও এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। প্রথা অনুযায়ী, সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের সারসংক্ষেপ তুলে দেবেন।
সচিবালয়ে সংবাদ সম্মেলনের পর পরীক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd) থেকে ফল জানতে পারবে। বোর্ড থেকে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার ই-মেইলে কেন্দ্র ও প্রতিষ্ঠানের ফলের সফট কপি সরবরাহ করা হবে। প্রয়োজনে সংশ্নিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ফলের হার্ডকপি সংগ্রহ করতে পারবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজেদের ইআইআইএন ব্যবহার করে বোর্ডের ওয়েবসাইট থেকে ফলের কপি ডাউনলোড করতে পারবে।
২ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত সারাদেশে এইচএসসির তত্ত্বীয় এবং ১৬ থেকে ২৫ মে ব্যবহারিক পরীক্ষা হয়। এবার ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ পরীক্ষার্থী অংশ নেয়।
এবার আট বোর্ডে এইচএসসিতে পাসের গড় হার ৬৪ দশমিক ৫৫ শতাংশ। দশ বোর্ডে গড় পাসের হার ৬৬ দশমিক ৬৪ শতাংশ।
এবারের এইচএসসি পরীক্ষায় দেশের আটটি সাধারণ শিক্ষাবোর্ডের মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে বরিশাল বোর্ড। এ বোর্ডে পাসের হার ৭০ দশমিক ৫৫ শতাংশ। আর সর্বোচ্চ ফল অর্থাৎ জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে অন্যান্য বছরের মতো এবারও সেরা ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডের ১২ হাজার ৯৩৮ জন শিক্ষার্থী এ বছর জিপিএ-৫ পেয়েছে।
গত বছর ৭২ শতাংশ পাসের হার নিয়ে আট বোর্ডে শীর্ষে ছিল সিলেট বোর্ড। এবার ৬২ দশমিক ১১ শতাংশ পাসের হার নিয়ে সিলেট বোর্ড ষষ্ঠ অবস্থানে নেমে গেছে।
এবার পাসের হারে সবার নিচে রয়েছে দিনাজপুর বোর্ড। এই বোর্ডে পাসের হার ৬০ দশমিক ২১ শতাংশ।
গত বছর পাসের হারে সবার নিচে থাকা কুমিল্লা এবার আট বোর্ডের মধ্যে চতুর্থ অবস্থানে উঠে এসেছে। কুমিল্লায় এবার পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ। অন্য বোর্ডগুলোর মধ্যে এবার ঢাকায় পাসের হার ৬৬ দশমিক ১৩ শতাংশ, রাজশাহী বোর্ডে ৬৬ দশমিক ৫১ শতাংশ, যশোর বোর্ডে ৬০ দশমিক ৪০ শতাংশ ও চট্টগ্রাম বোর্ডে ৬২ দশমিক ৭৩ শতাংশ।
এ বছর রাজশাহী বোর্ডে ৪ হাজার ১৩৮ জন, দিনাজপুর বোর্ডে ২ হাজার ২৯৭ জন, যশোর বোর্ডে ২ হাজার ৮৯ জন, চট্টগ্রাম বোর্ডে এক হাজার ৬১৩ জন, কুমিল্লা বোর্ডে ৯৪৪ জন, বরিশাল বোর্ডে ৬৭০ জন ও সিলেট বোর্ডে ৮৭৩ জন জিপিএ-৫ পেয়েছে।
কুমিল্লা শিক্ষাবোর্ডে এবারের এইচএসসি’র ফলাফলে পাশের হার ও জিপিএ দুটোই বেড়েছে। পাশের হারে মেয়েরা এগিয়ে রয়েছে। এ বছর অকৃতকার্য পরীক্ষার্থীদের অধিকাংশই ইংরেজিতে খারাপ করেছে। এ বিষয়ে ৭৩ দশমিক ৩৫ ভাগ পরীক্ষার্থী পাশ করেছে। ফেল করেছে ৩৫ হাজার ৮৪৬ পরীক্ষার্থী।
জিপিএ-৫ পাসের হার কমেছে এইচএসসিতে 2018-07-19