একাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন ২৪ এপ্রিল
Posted by: News Desk
April 3, 2019
এমএনএ রিপোর্ট : একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আগামী ২৪ এপ্রিল। ওই দিন বিকাল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হবে বলে সংসদ সূত্রে জানা গেছে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে সংসদের দ্বিতীয় অধিবেশন আহ্বান করেছেন বলে আজ বুধবার সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সংসদ সচিবালয় সূত্র জানায়, ৬০ দিনের সাংবিধানিক বাধ্যবাধকতার জন্যই এ অধিবেশন আহ্বান করা হয়েছে। সংবিধান অনুযায়ী সংসদের এক অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে আরেক অধিবেশন বসতে হবে। জুনে বাজেট অধিবেশনের আগে এ অধিবেশন ডাকা হয়েছে। ফলে আসন্ন অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে। ২৪ এপ্রিল সংসদ অধিবেশন শুরুর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্মসূচী চূড়ান্ত হবে। এই অধিবেশনটি সর্বোচ্চ ৫দিন চলতে পারে। কারণ আগামী জুনে বাজেট অধিবেশন বসবে। আগামী ১৩ জুন সংসদে বাজেট পেশ করা হবে। এরআগে ১১ জুন বাজেট অধিবেশন বসতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে একাদশ সংসদের প্রথম অধিবেশন গত ৩০ জানুয়ারি শুরু হয়ে গত ১১ মার্চ শেষ হয়। মোট ২৬ কার্যদিবসের ওই অধিবেশনে ৫টি সরকারি বিল পাস করা হয়। ৭১ বিধিতে ৩২১টি নোটিশের মধ্যে ৩০টি গৃহীত ও ১৮টির ওপর আলোচনা হয়।
এ ছাড়া প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দানের জন্য ১১৪টি প্রশ্নের মধ্যে ৪৬টির তিনি উত্তর দেন। আর মন্ত্রীদের জন্য ২ হাজার ৩২৫টি প্রশ্নের মধ্যে ১ হাজার ৭৩০টির উত্তর দেওয়া হয়।
ওই অধিবেশনে সরকার ও বিরোধীদলীয় সদস্যরা সক্রিয় ভূমিকা রাখলেও বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা যোগ দেননি। নির্বাচন বাতিলের দাবি জানিয়ে তারা শপথ অনুষ্ঠান বর্জন করেন। অবশ্য বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের শরীক দল গণফোরামের দুই সদস্য ইতোমধ্যে শপথ নিয়েছেন।
দ্বিতীয় ২৪ এপ্রিল অধিবেশন একাদশ সংসদের 2019-04-03