Don't Miss
Home / সারাদেশ / খুলনায় পাটকল শ্রমিকদের ধর্মঘট অব্যাহত

খুলনায় পাটকল শ্রমিকদের ধর্মঘট অব্যাহত

এমএনএ রিপোর্ট : বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের ডাকে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলে শ্রমিকদের ধর্মঘট অব্যাহত রয়েছে।

আজ বুধবার সকালে দ্বিতীয় দিনের মতো ধর্মঘটে নামেন শ্রমিকরা। সকাল ৮ টার দিকে নগরীর নতুন রাস্তা মোড়ে খুলনা-যশোর মহাসড়ক এবং রেলপথ অবরোধ করেন তারা।

এর ফলে রাস্তায় সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। খুলনা থেকে ঢাকা রুটে রুটে চিত্রা এক্সপ্রেস ট্রেন ছেড়ে যায়নি। সারা দেশের সাথে খুলনার ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

নতুন রাস্তা মোড়ে অবস্থান নিয়ে খুলনা-যশোর মহাসড়ক, নতুন রাস্তা মোড় থেকে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড সড়ক, বিআইডিসি সড়ক এবং রেলপথ অবরোধ করে রেখেছেন তারা।

নতুন রাস্তার মোড়ে পাটকল শ্রমিকরা সমাবেশ করছেন। এছাড়া রেললাইন ও সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন তারা।

এদিকে শ্রমিকদের আন্দোলনে খুলনার শিল্পাঞ্চল উত্তাল হয়ে উঠেছে। সড়ক অবরোধ থাকায় মহাসড়কের যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।

বকেয়া মজুরি পরিশোধ এবং মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের ডাকে খুলনার ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, ইস্টার্ন, আলিম এবং যশোরের জেজেআই ও কার্পেটিং জুট মিলের শ্রমিকেরা এ আন্দোলন কর্মসূচি পালন করছেন।

তারা জানান, গতকাল মঙ্গলবার রাতে খুলনা অঞ্চলের সকল পাটকল শ্রমিক নেতাদের বৈঠকে কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেয়া হয়েছে।

আন্দোলনরত শ্রমিক নেতারা বলেন, সরকার ঘোষিত জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন-২০১৫ সুপারিশ বাস্তবায়ন, অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের পি এফ গ্র্যাচুইটি ও মৃত শ্রমিকের বিমার বকেয়া প্রদান, টার্মিনেশন, বরখাস্ত শ্রমিকদের কাজে পুনঃবহাল, শ্রমিক-কর্মচারীদের নিয়োগ ও স্থায়ী করা, পাট মৌসুমে পাটক্রয়ের অর্থ বরাদ্দ, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মিলগুলোকে পর্যায়ক্রমে বিএমআরই করাসহ নয় দফা বাস্তবায়নের আশ্বাস দিয়েছিলো। কিন্তু আমাদের দাবিগুলো এখনও বাস্তবায়ন না হওয়ায় আমরা রাজপথে আবার নামতে বাধ্য হয়েছি।

রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ পরিষদের আহ্বায়ক জানান, শ্রমিকরা ৭ থেকে ৯ সপ্তাহের মজুরি না পাওয়ায় মানবেতর জীবন যাপন করছেন। তারা তাদের সন্তানদের লেখাপড়ার খরচ, ঘর ভাড়া দিতে পারছেন না। এ অবস্থায় বাধ্য হয়েই তারা আন্দোলনে নেমেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

উল্লেখ্য, খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলে গতকাল মঙ্গলবার সকাল ছয়টা থেকে ৭২ ঘণ্টার ধর্মঘট শুরু করেন পাটকল শ্রমিকরা।

x

Check Also

আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ...