এনআরবি কমার্শিয়াল ব্যাংকের এমডিকে অপসারণ
Posted by: News Desk
December 6, 2017
এমএনএ অর্থনীতি রিপোর্ট : ঋণ কেলেঙ্কারির ঘটনায় এনআরবি কমার্শিয়াল ব্যাংকের এমডি দেওয়ান মুজিবুর রহমানকে অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি অনিয়ম ও দুর্নীতির দশ অভিযোগের প্রমাণ পাওয়ায় আগামী দুই বছর কোনো ধরনের ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে তার যোগ দেওয়ার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
গভর্নর ফজলে কবিরের এই নির্দেশ আজ বুধবার সকালে এনআরবি কমার্শিয়াল ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা জানিয়েছেন। তিনি জানান, ব্যাংক কোম্পানি আইনের ৪৬ (১) ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংক তাকে অপসারণ করে।
অপসরারণের প্রক্রিয়ার অংশ হিসেবে এর আগে মুজিবুর রহমান ব্যক্তিগত শুনানিতে আগ্রহী কি-না তা জানতে চেয়ে বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে গঠিত কেন্দ্রীয় ব্যাংকের স্থায়ী কমিটি চিঠি দেয়। একই রকম প্রক্রিয়া অনুসরণ শেষে এর আগে অগ্রণী ও বেসিক ব্যাংকের এমডিকে অপসারণ করে কেন্দ্রীয় ব্যাংক।
আমানতকারীর স্বার্থ রক্ষার ক্ষেত্রে দায়িত্ব পালনে ব্যর্থ উল্লেখ করে গত ২০ মার্চ দেওয়ান মুজিবুর রহমানকে নোটিশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। নোটিশে বলা হয়, মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান শহীদুল আহসানের স্বার্থ-সংশ্নিষ্ট এজি এগ্রোকে প্রিন্সিপাল শাখা থেকে ১৮৩ কোটি টাকা ও চন্দ্রগঞ্জ শাখা থেকে বেগমগঞ্জ ফিডের নামে ১১৮ কোটি টাকাসহ বিভিম্ন শাখায় ৭৪৯ কোটি টাকার ঋণ অনিয়মের সঙ্গে এমডির সংশ্নিষ্টতা পাওয়া গেছে।
এ ছাড়া বেনামি শেয়ার ধারণ, পরিচালক না হয়েও পর্ষদ সভায় উপস্থিতিসহ বিভিন্ন অনিয়মের তথ্য গোপন করা হয়েছে। এসব অনিয়মের বিষয়ে চিঠি পাওয়ার ১০ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়। তবে জবাব না দিয়ে তিনি এর কার্যকারিতা স্থগিতের আবেদন করে ২৯ মার্চ উচ্চ আদালতে যান।
সাময়িকভাবে নোটিশের কার্যকারিতা স্থগিত হলেও কয়েক দিনের মাথায় কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তকে সঠিক বলে রায় দেন আদালত। এরপর নোটিশের জবাব দেন তিনি। তবে ওই জবাব কেন্দ্রীয় ব্যাংকের কাছে সন্তোষজনক না হওয়ায় বিষয়টি পাঠানো হয় স্থায়ী কমিটির কাছে।
এদিকে অপসারণের বিষয়ে দেওয়ান মুজিবুর রহমান বুধবার দুপুরে গণমাধ্যমকে বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংকের নোটিশ সম্পর্কে অবগত হয়েছি। আজ অফিস করছি না।’ বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন কী না জানতে চাইলে তিনি বলেন, ‘সময় আছে, এখনও সিদ্ধান্ত নেইনি।’
ব্যাংকের অপসারণ এনআরবি কমার্শিয়াল এমডিকে 2017-12-06