এমএনএ অর্থনীতি ডেস্ক : রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে বৈশিক স্বর্ণের বাজারে। এর প্রভাবে বাংলাদেশের বাজারে গত ৩ মার্চ থেকে প্রতিভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৫ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস)। আবারও বিশ্ববাজারে মূল্যবাদ এই ধাতুর দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এতে করে দেশের বাজারে বুধবার স্বর্ণের দাম বাড়তে পারে বলে সোমবার তিনি আমাদের অর্থনীতিকে জানিয়েছেন বাজুসের স্বর্ণের মূল্য নির্ধারণ কমিটির চেয়ারম্যান এমএ হান্নান আজাদ।
বিশ্ববাজারে যে দামের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে, বর্তমানে সেটি (বিশ্ববাজারে দাম) আরও বেড়েছে। গত দুদিনে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫০ ডলার বেশি বেড়ে গেছে। ফলে যে কোনো মুহূর্তে বাংলাদেশে আবারও স্বর্ণের দাম বাড়তে পারে। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) দায়িত্বশীলরা এমনই আভাস দিয়েছেন।
গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর পরই বিশ্ববাজারে বিভিন্ন পণ্যের দামে বেশ অস্থিরতা দেখা দেয়। বাড়ার তালিকায় রয়েছে স্বর্ণও।
বাজুসের সহ-সভাপতি ও স্বর্ণের দাম নির্ধারণ কমিটির কমিটির চেয়ারম্যান এমএ হান্নান আজাদ জানান, প্রতি সোমবার বা মঙ্গলবার দেশের বাজারের স্বর্ণের মূল্য নির্ধারণ কমিটির মিটি হয়ে থাকে। স্বর্ণের দাম বাড়ানের ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক বাজার এবং দেশের মানুষের ক্রয় ক্ষমতার দিকটা বিবেচনায় রাখি। তবে বর্তমানে দেশের বাজারে স্বর্ণের যে দাম রয়েছে সেটাই মানুষের ক্রয় ক্ষমতার বাহিরেই রয়েছে। এর মধ্যে আবারও আন্তর্জাতিক বাজারে দাম বাড়তে শুরু করেছে। ধারণা করা হচ্ছে কয়েক দিনের মধ্যেই প্রতি আউন্স (২.৬৬৬ ভরি) স্বর্ণের দাম ২২০০ ডলারে পৌঁছে যাবে। তখন আমাদের বাদ্ধ হয়েই আবারও দাম বাড়াতে হবে।
সবশেষ এক সপ্তাহে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে ৪ দশমিক ৩৭ শতাংশ বা ৮২ দশমিক ৪৮ ডলার। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম এক হাজার ৯৭০ দশমিক শূন্য ৭ ডলারে উঠে এসেছে। এর মধ্যে শেষ কার্যদিবসেই প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে ৩৪ দশমিক ৮৬ ডলার বা ১ দশমিক ৮০ শতাংশ।
বিশ্ববাজারে দাম বাড়ার পরিপ্রেক্ষিতে গত ৩ মার্চ থেকে বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম তিন হাজার ২৬৫ টাকা বাড়িয়ে করা হয়েছে ৭৮ হাজার ২৬৫ হাজার টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম তিন হাজার ৯১ টাকা বাড়িয়ে ৭৪ হাজার ৭৬৬ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে ৬৪ হাজার ১৫২ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম দুই হাজার ২১৬ টাকা বাড়িয়ে করা হয়েছে ৫৩ হাজার ৪২১ টাকা।
এর আগে গত ৯ ফেব্রুয়ারি ঘোষণা দিয়ে স্বর্ণের দাম বাড়ায় বাজুস, যা কার্যকর হয় ১০ ফেব্রুয়ারি থেকে। সে সময় সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৮৬৭ টাকা বাড়িয়ে ৭৫ হাজার টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এক হাজার ৬৯১ টাকা বাড়িয়ে ৭১ হাজার ৬৭৫ টাকা করা হয়। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৮১৪ টাকা বাড়িয়ে করা হয় ৬১ হাজার ৮১৯ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ২৯১ টাকা বাড়িয়ে করা হয় ৫১ হাজার ২০৫ টাকা
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

