এমএনএ শিক্ষা ও ভর্তি ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আগের মতোই পাঁচটি ইউনিটে (ক, খ, গ, ঘ ও চ) অনুষ্ঠিত হবে। তবে ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে চার ইউনিটে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা। সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে উপাচার্য মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে একাডেমিক কমিটির সভায় এই সিদ্ধান্ত অনুমোদন দেয়া হয়। এরফলে আগামী শিক্ষাবর্ষ থেকে থাকবে না সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিট। আর এর সঙ্গে ২০২২-২৩ শিক্ষাবর্ষে বদলে যাবে ইউনিটগুলোর নামও। যদিও সামাজিক বিজ্ঞানের কয়েকজন শিক্ষক সভায় ঘ ইউনিট বাতিলের বিষয়ে আপত্তি জানিয়েছেন।
গত ১৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় হওয়া এসব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য সুপারিশ করেছিলো। সে অনুযায়ীই গতকাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদ (একাডেমিক কাউন্সিল) সেটির অনুমোদন দেয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বলেন, একাডেমিক কাউন্সিলে অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, পাঁচটির পরিবর্তে ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষা হবে চারটি ইউনিটে। ২০২১-২২ শিক্ষাবর্ষে আগের মতোই পাঁচটি ইউনিটে পরীক্ষা হবে। ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে ইউনিটগুলোর নামও বদলে যাবে। নাম হবে বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট, চারুকলা ইউনিট এবং কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট৷
এ দিকে, গতকালকের একাডেমিক কাউন্সিলে ঘ ইউনিট বাতিলের বিষয়টি উঠলে সেখানেও আপত্তি জানান সামাজিক বিজ্ঞান অনুষদের কয়েকজন। ওই শিক্ষকরা শুরু থেকেই ঘ ইউনিট বাতিলের বিরুদ্ধে সরব ছিলেন।সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক সাদেকা হালিম বলেন, ঘ ইউনিট বাতিলের সিদ্ধান্তটি অনুমোদন হয়েছে দ্বিমতসহ৷ দ্বিমত দিয়েছি আমিসহ সামাজিক বিজ্ঞান অনুষদের কয়েকজন শিক্ষক। ইউনিটের গুরুত্ব যেখানে দিন দিন বাড়ছে, সেখানে একটি ইউনিট তুলে দেয়া অযৌক্তিক৷ এর মাধ্যমে শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবের কথা বলা হচ্ছে৷ এই সিদ্ধান্ত নিতে কোনো জরিপ বা জনমত যাচাই করা হয়নি৷
তবে সামাজিক বিজ্ঞান অনুষদের বর্তমান ডিন অধ্যাপক জিয়া রহমান ঘ ইউনিট বাতিলের বিষয়ে কোনো আপত্তি জানাননি৷
এবারের ভর্তি পরীক্ষা কবে:
আগামী জুনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন করা হবে। তবে কোন ইউনিটের পরীক্ষা কবে সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। একাডেমিক কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় উপস্থিত একাধিক ডিন ও চেয়ারম্যান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানতে চাইলে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ছামাদ বলেন, এবারো পাঁচটি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা নেয়া হবে। তবে পরীক্ষার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। তারিখ নির্ধারণ না হলেও নীতিমালা আগের বছরের মতোই থাকছে। আশা করছি আগামী জুনের মধ্যে সব ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হবে। মেডিকেল ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সঙ্গে সমন্বয় করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের পরীক্ষার দিনক্ষণ চূড়ান্ত করা হবে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

