Don't Miss
Home / শিক্ষাঙ্গন / এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ৯৬৪২ জন

এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ৯৬৪২ জন

এমএনএ রিপোর্ট : এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে সারাদেশে সাড়ে নয় হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেয়নি; ‘অসধুপায়’ অবলম্বনের জন্য বহিষ্কৃত হয়েছে ২৬ জন।
প্রথম দিনের পরীক্ষা শেষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, আটটি সাধারণ শিক্ষা বোর্ডের সঙ্গে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ড মিলিয়ে মোট নয় হাজার ৬৪২ জন শিক্ষার্থী এদিন পরীক্ষায় অংশ নেয়নি।
এর মধ্যে মাদ্রাসা বোর্ডে ৩ হাজার ১৫৭ জন; কারিগরি শিক্ষা বোর্ডের ১ হাজার ৭২০ জন এবং ঢাকা শিক্ষা বোর্ডে মোট ১ হাজার ৪৯৩ জন শিক্ষার্থী পরীক্ষায় বসেনি। আর বহিষ্কৃত ২৬ জনের মধ্যে ১৭ জনই মাদ্রাসা শিক্ষা বোর্ডের।
আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সারাদেশের ৩ হাজার ৪১২টি কেন্দ্রে এবারের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। স্কুলের এই সমাপনী পরীক্ষার জন্য এবার নিবন্ধন করেছিল ২০ লাখ ৩১ হাজার ৮৮৯ জন।
প্রথম দিন এসএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথমপত্র, সহজ বাংলা প্রথমপত্র এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংষ্কৃতি বিষয়ের পরীক্ষা হয়।
আর মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে কুরআন মাজিদ ও তাজবিদ এবং কারিগরি বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনালে বাংলা-২ (১৯২১) বিষয়ের পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা।
প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার এসএসসিতে আধা ঘণ্টা আগে পরীক্ষার্থীদের হলে বসার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। ফলে শিক্ষার্থীদের নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা কেন্দ্রে আসতে শুরু করেন সকাল ৯টার আগে থেকেই।
তারপরও যানজট ঠেলে যাদের কেন্দ্রে পৌঁছাতে সামান্য দেরি হয়েছে, তাদের পরীক্ষা দিতে সমস্যা হয়নি বলে কেন্দ্র সচিবরা জানিয়েছেন।
গতবছর এসএসসি ও সমমানের পরীক্ষার জন্য নিবন্ধন করেছিল ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন শিক্ষার্থী। প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৮ হাজার ৫২০ জন; আর বহিষ্কার হয়েছিল ১৬।
x

Check Also

ইউজিসির নিষেধাজ্ঞা-সিন্ডিকেট অনুমোদন ছাড়াই ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ, আরও চার পদে নিয়োগে তোড়জোড়; লিখিত অভিযোগ

বিশেষ প্রতিবেদক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা, শিক্ষা মন্ত্রণালয়ের নজরদারি এবং বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ...