Don't Miss
Home / আজকের সংবাদ / এসএসসি, সমমানের পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে: শিক্ষামন্ত্রী

এসএসসি, সমমানের পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে: শিক্ষামন্ত্রী

এমএনএ প্রতিবেদক

সারা দেশে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি জানান, পরীক্ষার সামগ্রিক পরিস্থিতিতে সরকার সন্তুষ্ট এবং শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকেও ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। পাশাপাশি সেশনজট কমাতে ডিসেম্বরের মধ্যেই সব পাবলিক পরীক্ষা শেষ করে জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রশ্নফাঁস সংক্রান্ত গুজব নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করতে গণমাধ্যমকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে টেলিগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব যাচাই না করে প্রকাশ করলে শিক্ষার্থীরা বিভ্রান্ত ও ক্ষতিগ্রস্ত হতে পারে।

তিনি আরও বলেন, গুজব ছড়ানো যেমন উদ্বেগজনক, তেমনি যাচাই ছাড়া তা প্রচার করাও বড় সমস্যা। একটি সংবাদ প্রকাশের আগে তার সত্যতা যাচাই করা গণমাধ্যমের দায়িত্ব। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অনেক তথ্য তাৎক্ষণিক প্রতিক্রিয়া তৈরি করলেও তা সবসময় বাস্তবতার সঙ্গে মিল নাও থাকতে পারে।

গুজব প্রতিরোধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। যারা গুজব ছড়াচ্ছে বা যাচাই ছাড়াই প্রচার করছে, তাদের বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

এসএসসি পরীক্ষার্থীদের আশ্বস্ত করে মন্ত্রী বলেন, সরকার সুষ্ঠু পরিবেশে পরীক্ষা আয়োজনের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে তিনি সন্তুষ্ট এবং সংশ্লিষ্ট সবার কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে।

এইচএসসি পরীক্ষার সেশনজট নিরসনের বিষয়ে তিনি বলেন, শিক্ষা বোর্ড ও বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নির্ধারিত দুই বছরের কোর্স শেষ করে ডিসেম্বরের মধ্যেই পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে, যাতে জানুয়ারি থেকেই নতুন শিক্ষাবর্ষ শুরু করা যায় এবং বিশ্ববিদ্যালয়গুলো দ্রুত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারে।

গুজব প্রতিরোধ ও সুষ্ঠু পরীক্ষা পরিচালনায় সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, সচেতনতা ছাড়া এ সমস্যা মোকাবিলা করা সম্ভব নয় এবং কোনো শিক্ষার্থী যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়েও সবাইকে দায়িত্বশীল হতে হবে।

এ সময় ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ উপস্থিত ছিলেন।

x

Check Also

সোমবার যশোর জেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

এমএনএ প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সোমবার (২৭ এপ্রিল) যশোর জেলা সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর প্রেস ...