Don't Miss
Home / আজকের সংবাদ / ওবায়দুল কাদেরের মায়ের ইন্তেকাল

ওবায়দুল কাদেরের মায়ের ইন্তেকাল

এমএনএ রিপোর্ট : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের মা বেগম ফজিলাতুন্নেসা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহির রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
গতকাল সোমবার রাত ১০টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।
মৃত্যুকালে বেগম ফজিলাতুন্নেসা চার ছেলে, পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ মঙ্গলবার বাদ জোহর নোয়াখালীর সরকারি মুজিব কলেজ মাঠে নামাজে জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
গত রবিবার বিকালে এক অনুষ্ঠানে বক্তৃতায়ও ওবায়দুল কাদের মায়ের অসুস্থতার বিষয়টি জানিয়ে তার মন ভালো না থাকার কথা বলেছিলেন।
ওবায়দুল কাদেরের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বড় রাজাপুর গ্রামে। তার বাবা মোশারফ হোসেন শিক্ষক ছিলেন।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, এই মহীয়সী নারীর মৃত্যুতে গভীর শূন্যতার সৃষ্টি হলো, যা অপূরণীয়। তিনি আরও বলেন, আওয়ামী লীগ হারাল একজন অভিভাবককে। রত্নগর্ভা এই মা সবসময় অনুপ্রেরণা যুগিয়েছেন।
বেগম ফজিলাতুন্নেসার মৃত্যুর খবর শোনার পর পরই শেখ হাসিনা টেলিফোনে ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলেন। তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদেরের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এক শোক বার্তায় তিনি প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...