বিশেষ প্রতিনিধি
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশের বিভিন্ন জেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন কর্মসূচি পালন করছে। এরই অংশ হিসেবে রাজধানীর জাতীয় চিত্রশালা ভবনে শুরু হয়েছে ১৪ দিনব্যাপী চিত্রকর্ম প্রদর্শনী ‘রবির চিত্র, চিত্রের রবী’।
রোববার (১০ মে) বিকেলে জাতীয় চিত্রশালা ভবনের গ্যালারি-২ এ চারুকলা বিভাগের আয়োজনে প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রদর্শনীতে স্থান পেয়েছে মোট ৯৫টি চিত্রকর্ম। এর মধ্যে রয়েছে কবিগুরুর নিজের আঁকা ৪৫টি চিত্রকর্মের অনুলিপি এবং তাকে নিয়ে দেশের খ্যাতিমান শিল্পীদের আঁকা আরও ৫০টি চিত্রকর্ম।
প্রদর্শনীর কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করছেন শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চল এবং সহকারী কিউরেটর আয়েশা নাজমীন। আগামী ২৩ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
প্রদর্শনীর উদ্বোধন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, “রবীন্দ্রনাথের বহুমাত্রিক প্রতিভার অন্যতম উজ্জ্বল দিক তাঁর চিত্রশিল্প। এই আয়োজনের মাধ্যমে দর্শকরা শিল্পী রবীন্দ্রনাথকে নতুনভাবে আবিষ্কার করতে পারবেন।”
এরপর জাতীয় নাট্যশালা মিলনায়তনে শুরু হয় কবিগুরুর রচিত গান, নৃত্য ও আবৃত্তিনির্ভর সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী বলেন, দেশের হারিয়ে যেতে বসা সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুজ্জীবনে সরকার কাজ করছে। তিনি বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা ও সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে রবীন্দ্রনাথ, নজরুল ও সুকান্তের সাহিত্য ও সংগীত গভীরভাবে সম্পৃক্ত।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ। তিনি বলেন, “রবীন্দ্রনাথের চিন্তা ও শান্তির বার্তাকে ধারণ করেই শিল্পকলা একাডেমি এই আয়োজন করেছে। একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে কবিদের ভাবনাই আমাদের অনুপ্রেরণা।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ইলিয়া সুমনা এবং শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।
সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর সংগীত বিভাগ, সরকারি সংগীত কলেজ এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থীরা। পরিবেশিত হয় রবীন্দ্রসংগীত, আবৃত্তি ও নৃত্যনাট্যভিত্তিক নানা পরিবেশনা।
উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ১১ মে সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয়সংক্রান্ত উপদেষ্টা রুহুল কবীর রিজভী-র। আলোচনা শেষে নাট্যদল প্রাচ্যনাট মঞ্চস্থ করবে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ‘অচলায়তন’। নাটকটির নির্দেশনায় রয়েছেন আজাদ আবুল কালাম।
আয়োজকরা জানিয়েছেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভেরিফায়েড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ‘shilpakalachannel’-এ অনুষ্ঠানমালার সরাসরি সম্প্রচার করা হচ্ছে। সকল আয়োজন দর্শকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

