Don't Miss
Home / জাতীয় / কাল শুরু হচ্ছে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮.৫৮ হাজার শিক্ষার্থী

কাল শুরু হচ্ছে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮.৫৮ হাজার শিক্ষার্থী

এমএনএ প্রতিবেদক

আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা। এ বছর মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী এই গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষায় অংশ নেবে।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এসব তথ্য জানান।

এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমীন, শিক্ষা সচিব মোহাম্মদ আবদুল খালেক ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. খান মাইনুদ্দিন আল মাহমুদ সোহেল উপস্থিত ছিলেন।

মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, এবারের পরীক্ষায় ছাত্র ও ছাত্রীর সংখ্যা প্রায় সমান। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র রয়েছে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

শিক্ষা বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি পরীক্ষার্থী রয়েছে ঢাকা বোর্ডে—৩ লাখ ৬৬ হাজার ৬৫০ জন। এছাড়া রাজশাহী বোর্ডে ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন, কুমিল্লায় ১ লাখ ৪৬ হাজার ৮১৭ জন, যশোরে ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন, চট্টগ্রামে ১ লাখ ৩০ হাজার ৬৬৮ জন, বরিশালে ৮১ হাজার ৮৩১ জন, সিলেটে ৮৯ হাজার ৪২১ জন, দিনাজপুরে ১ লাখ ৮১ হাজার ৮৫৪ জন এবং ময়মনসিংহ বোর্ডে ১ লাখ ৮ হাজার ৩৫৯ জন পরীক্ষার্থী অংশ নেবে।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। এর মধ্যে ছাত্র ৭ লাখ ৫১ হাজার ৯৩ জন এবং ছাত্রী ৬ লাখ ৬৭ হাজার ৩০৫ জন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নেবে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১ লাখ ৬১ হাজার ৪৯১ জন এবং ছাত্রী ১ লাখ ৪২ হাজার ৭৯৫ জন। অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেবে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী, যার মধ্যে ছাত্র ১ লাখ ১ হাজার ৫০৯ জন এবং ছাত্রী ৩৩ হাজার ১৫১ জন।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সারাদেশে মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এসব কেন্দ্রে অংশ নেবে মোট ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কেন্দ্র সংখ্যার দিক থেকেও ঢাকা বোর্ড শীর্ষে রয়েছে—৫১০টি কেন্দ্র নিয়ে। আর সবচেয়ে কম কেন্দ্র রয়েছে ময়মনসিংহ বোর্ডে, যেখানে কেন্দ্রের সংখ্যা ১৮৮টি। এছাড়া মাদ্রাসা বোর্ডের অধীনে ৭৪২টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬৫৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, প্রয়োজনীয় প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে এবারও সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হবে।

x

Check Also

মন্ত্রীদের বিদেশ সফর ও অভ্যন্তরীণ চলাচলে নতুন প্রটোকল জারি

এমএনএ প্রতিবেদক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের রাষ্ট্রীয় বা সরকারি কাজে বিদেশ গমন, দেশে প্রত্যাবর্তন এবং ...