এমএনএ রিপোর্ট : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচনে বিএনপি প্রার্থী জহিরুল ইসলাম মৌবিন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
মৌবিন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৩০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মোহাম্মদ সোহেল (আনারস) ২১ হাজার ৩২৮ ভোট।
আওয়ামী লীগ প্রার্থী জহিরুল ইসলাম নূর মিয়া ১৯ হাজার ২২ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
আজ সোমবার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক তরফদার মো. আক্তার জামীল উপনির্বাচনের ফল ঘোষণা করেন।
আজ সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়ে একটানা ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোট চলাকালে কোথাও অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।
এ ছাড়া আজ সোমবার দেশের আরও ১৩ উপজেলা ও চার পৌরসভায় ভোট হয়েছে। শুধু চেয়ারম্যান পদে উপনির্বাচনে বরিশালের বানারীপাড়া, গৌরনদী, পটুয়াখালীর রাঙ্গাবালী, কুমিল্লার আদর্শ সদর এবং পাবনার সুজানগরে ভোটগ্রহণ করা হয়। ভাইস চেয়ারম্যান পদে নাটোরের বড়াইগ্রাম, নীলফামারীর জলঢাকা, সাতক্ষীরার কলারোয়া ও বাগেরহাটের মোরেলগঞ্জ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে পাবনার ঈশ্বরদীতে ভোট হয়েছে।
এ ছাড়া সিলেটের ওসমানীনগর, খাগড়াছড়ির গুঁইমারা, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সব পদেই ভোট হয়েছে।
গলাচিপা পৌরসভায় মেয়র পদে, রাজশাহীর বাঘায় আড়ানী পৌরসভায় সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে, টাঙ্গাইলের সখীপুর পৌরসভায় ২ নম্বর সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে এবং বগুড়ার শেরপুর পৌরসভায় ৭ নম্বর সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদের উপনির্বাচনে ভোটগ্রহণ করা হয়।
একটি পৌরসভা ও ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত হোসেনপুর উপজেলায় মোট ভোটার ১ লাখ ৩১ হাজার ৪৬৯ জন।
উল্লেখ্য, ২০১৪ সালের ১৫ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মো. আয়ুব আলী ১৩ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী মৌবিনকে পরাজিত করেন। ২০১৫ সালের ২৯ নভেম্বর মো. আয়ুব আলীর মৃত্যুতে আসনটি শূন্য হয়।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

