Don't Miss
Home / আজকের সংবাদ / কে এই উত্তর কোরিয়ার পিংক লেডি?

কে এই উত্তর কোরিয়ার পিংক লেডি?

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : কে এই উত্তর কোরিয়ার পিংক লেডি? দেশটিতে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলেই তাঁর দেখা মেলে রাষ্ট্রীয় টেলিভিশনের পর্দায়। এবারও এর ব্যতিক্রম হয়নি। গত রবিবার উত্তর কোরিয়া সফলভাবে ষষ্ঠবারের মতো হাইড্রোজেন বোমার পরীক্ষা চালিয়েছে। আর বিশ্বকে ঝাঁকুনি দেওয়া সেই খবর দেওয়ার জন্যও রাষ্ট্রীয় টেলিভিশনে তাঁর মুখ দেখা যায়।

এই তিনি হলেন সংবাদ উপস্থাপক রি চুন হি। ৭৪ বছর বয়সী রি এখনো সাবলীলভাবেই এ কাজ চালিয়ে যাচ্ছেন। উত্তর কোরিয়ার টেলিভিশনে পরিচিত এই মুখ ‘পিংক লেডি’ নামে পরিচিত। দেশটির প্রায় সব পারমাণবিক পরীক্ষার ঘোষণা এসেছে তাঁর মাধ্যমেই।

রিকে বলা হয় ‘উত্তর কোরিয়ার প্রতিধ্বনি’ ও ‘জনগণের ভাষ্যকার’। রোববার যখন অপ্রত্যাশিতভাবে হাইড্রোজেন বোমা পরীক্ষার বিষয়টি সামনে আসে, তখন চিরাচরিত গোলাপি পোশাক পরেই টেলিভিশনের পর্দায় সেই ঘোষণা দিতে আসেন ‘পিংক লেডি’। অত্যন্ত সাবলীল ও উৎফুল্লভাবে তিনি ঘোষণা করেন, ‘আমাদের আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে হাইড্রোজেন বোমার পরীক্ষাটি ছিল নিখুঁত এক সাফল্য। জাতীয় পারমাণবিক অস্ত্র কর্মসূচির আওতায় এটি অত্যন্ত অর্থপূর্ণ পদক্ষেপ ছিল।’

৪৫ বছরেরও বেশি সময় ধরে রাষ্ট্রীয় টেলিভিশনে সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করছেন রি। আর উপস্থাপনার ক্ষেত্রে সব সময়ই তিনি উজ্জ্বল গোলাপি রঙের ঐতিহ্যবাহী কোরীয় পোশাক পরিধান করেন। এই প্রথাগত পোশাকের কারণেই তিনি ‘পিংক লেডি’ নামে পরিচিত পান।

১৯৪৩ সালে উত্তর কোরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন রি। পরে পিয়ংইয়ংয়ে থিয়েটার স্কুলে পড়ালেখা করেন। ১৯৭১ সালে তিনি যোগ দেন দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে। ১৯৮০ সালের মধ্যেই তিনি টিভি চ্যানেলটির গুরুত্বপূর্ণ উপস্থাপক হয়ে ওঠেন।

ব্যবসা-বাণিজ্য, খেলা, আবহাওয়াসহ জাতীয় ও রাজনৈতিক সব ধরনের গুরুত্বপূর্ণ বা বিশেষ খবর উপস্থাপনায় মুনশিয়ানা দেখান রি। ১৯৯৪ সালে প্রেসিডেন্ট কিম ইল সাংয়ের মৃত্যু সংবাদ তিনিই জানান দেশবাসীকে। এর ১৭ বছর পর কিম সাংয়ের ছেলে তখনকার প্রেসিডেন্ট কিম জং ইল মারা গেলে সে খবরও তিনিই জানান টেলিভিশনের পর্দায়।

২০১২ সালে রি সংবাদ উপস্থাপনার কাজ থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেন। তারপরও উত্তর কোরিয়ার সরকার রাষ্ট্রীয় যেকোনো গুরুত্বপূর্ণ সংবাদ জনগণকে জানানোর জন্য এখনো রিকেই হাজির করে টেলিভিশনের পর্দায়।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...