Don't Miss
Home / আজকের সংবাদ / কোটা বাতিলে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক শীঘ্রই প্রজ্ঞাপন

কোটা বাতিলে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক শীঘ্রই প্রজ্ঞাপন

এমএনএ রিপোর্ট : সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে শীঘ্রই প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
তবে কোটা বাতিল করা হলেও এ সংক্রান্ত প্রস্তাবে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধী বিষয়ে সুপারিশ করা হবে বলে জানান তিনি।
কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে গত রবিবার থেকে চলা দেশব্যাপী ছাত্র আন্দোলনের মধ্যেই গতকাল বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা পদ্ধতি তুলে দেয়ার ঘোষণা দেন।
কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার জাতীয় সংসদে কোটা ব্যবস্থা বাতিলের কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, কোটা নিয়ে যখন এতকিছু, তখন কোটাই থাকবে না। কোনো কোটারই দরকার নেই, যারা প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী তাদের আমরা অন্যভাবে চাকরির ব্যবস্থা করে দেব।
শেখ হাসিনা বলেন, কোটা থাকলেই সংস্কারের প্রশ্ন আসবে। এখন সংস্কার করলে আগামীতে আরেক দল আবারও সংস্কারের কথা বলবে। কোটা থাকলেই ঝামেলা। সুতরাং কোনো কোটা পদ্ধতিরই দরকার নেই। কোটা ব্যবস্থা বাদ, এটাই আমার পরিষ্কার কথা।
তিনি আরও বলেন, যদি (কোটা রাখার) দরকার হয় ক্যাবিনেট সেক্রেটারি তো আছেই। তাকে তো আমি বলেই দিয়েছি, সংশ্লিষ্টদের নিয়ে কমিটি বসে কাজ করবে। সেখান থেকে তারা দেখবে।
প্রধানমন্ত্রীর এ ঘোষণাকে স্বাগত জানিয়ে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলন থেকে চলমান আন্দোলন স্থগিত করার ঘোষণা দেন শিক্ষার্থীরা।
এ সময় তারা কোটা পদ্ধতি বাতিল করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তারা দ্রুত সময়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বিষয়ে প্রজ্ঞাপন জারি করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে সরকারি চাকরিতে কোটা বাতিল করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে ‘মাদার অব এডুকেশন’ উপাধি দেন কোটা সংস্কার আন্দোলনের প্লাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।
উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে গত ৮ এপ্রিল থেকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছেন। প্রথমে ঢাকা বিশ্ববিদ্যায়ল এলাকায় এ আন্দোলন শুরু হলেও পরে তা ছড়িয়ে পড়ে সারা দেশে। রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের প্রতিবাদ ওঠে। এ আন্দোলনে যোগ দেয় দেশের অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ও।
x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...