Don't Miss
Home / আজকের সংবাদ / খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন আজ

খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন আজ

এমএনএ রিপোর্ট : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ শনিবার সন্ধ্যায় লন্ডন যাচ্ছেন। সেখানে তিনি পা ও চোখের চিকিৎসা করাবেন। লন্ডনে অবস্থানরত দলের সিনিয়র নেতা তারেক রহমানের বাসায় উঠবেন তিনি।

সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দর থেকে খালেদা জিয়া এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, কেন্দ্রীয় সদস্য এবং যুগ্ম মহাসচিবরাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বিমানবন্দরে তাকে বিদায় জানাবেন।

বিএনপি নেতারা জানান, খালেদা জিয়া দেড় মাসেরও বেশি সময় লন্ডনে অবস্থান করবেন। ছেলে, বউমা ও নাতনিদের সঙ্গে ঈদুল আজহা উদযাপন শেষে তার দেশে ফেরার কথা রয়েছে। দেশে ফিরেই ‘নির্বাচকালীন সহায়ক সরকারের রূপরেখা’ ঘোষণা করবেন তিনি।

খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে লন্ডনে যাচ্ছেন তার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার ও গৃহকর্মী ফাতেমা বেগম। এর আগে গতকাল শুক্রবার দুপুরে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ব্যারিস্টার রুমিন ফারহানা লন্ডনে গেছেন। সেখানে ১৭ জুলাই একটি সেমিনারে তারা যোগ দেবেন। একইসঙ্গে তারা খালেদা জিয়ার সঙ্গেও দেখা করবেন।

এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে ইতোমধ্যে দলের ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা লন্ডনে পৌঁছেছেন। বিমানবন্দরে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাবেন তিনি।

বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, চিকিৎসা, পরিবারের সদস্যদের সঙ্গে কিছুদিন একান্তে সময় কাটানোর জন্য খালেদা জিয়া লন্ডন সফরে যাচ্ছেন। চিকিৎসার পাশাপাশি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিকে এ সফরে প্রাধান্য দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের কৌশল কী হবে, কারা দলীয় প্রার্থী হবেন, জোটের শরিকদের কোন কোন আসন ছেড়ে দেওয়া হবে, নির্বাচনী ইশতেহারে কী কী থাকবে এবং দেশি-বিদেশি কোন মহলের সহযোগিতা নেওয়া হবে—লন্ডনে এসব বিষয়ে তারেক রহমানের সঙ্গে খালেদা জিয়ার বিস্তারিত আলোচনা হবে। ‘সহায়ক সরকারের’ দাবি আদায় না হলে কী ধরনের আন্দোলন হতে পারে সে আলোচনাও হবে। বিশেষ করে নির্বাচনকে কীভাবে সুষ্ঠু করা যায় এবং এজন্য সরকারের সঙ্গে সমঝোতার পাশাপাশি আরও কী কী করা যায় সে ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করবেন তিনি।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...