Don't Miss
Home / নগর-মহানগর / চট্টগ্রামে জলাবদ্ধতা নিয়ে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর, খাল খননে জোর দেওয়ার কথা

চট্টগ্রামে জলাবদ্ধতা নিয়ে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর, খাল খননে জোর দেওয়ার কথা

সংসদ প্রতিবেদক

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে সৃষ্ট জলাবদ্ধতায় নাগরিক দুর্ভোগের জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদে এ বিষয়ে উত্থাপিত এক নোটিশের জবাবে তিনি এই দুঃখ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের সঙ্গে এ বিষয়ে তাঁর কথা হয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় কাজ চলছে। তবে তিনি স্বীকার করেন, জলাবদ্ধতার সমস্যা বড় এবং তা সমাধানে সময় লাগবে।

তিনি বলেন, “অতিবর্ষণের কারণে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় মানুষ কষ্ট পাচ্ছে। এই কষ্টের জন্য আমি চট্টগ্রামের নাগরিকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা দ্রুত এই সমস্যা সমাধানে কাজ করছি।”

প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, জলাবদ্ধতা শুধু চট্টগ্রামের সমস্যা নয়, বরং দেশের অন্যান্য শহরেও একই চিত্র দেখা যাচ্ছে। রাজধানী ঢাকাতেও সামান্য বৃষ্টিতে পানি জমে যাওয়ার বিষয়টি তিনি তুলে ধরেন।

সংসদে আলোচনার সময় বিশেষজ্ঞ পরামর্শের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, অতীতে খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা ও বন্যা নিয়ন্ত্রণে সফলতা এসেছিল। এ ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর উদ্যোগের কথা স্মরণ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “আমাদের আবার সেই ধরনের উদ্যোগে ফিরে যেতে হবে।” তিনি জানান, বর্তমান সরকার ইতোমধ্যে সারাদেশে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে এবং তা বাস্তবায়নের কাজ চলছে।

সরকার দ্রুত সময়ের মধ্যে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

x

Check Also

বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সুদের হার এক অঙ্কে নামিয়ে আনা হবে: বাণিজ্যমন্ত্রী

অর্থনৈতিক প্রতিবেদক বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সুদের হার এক অঙ্কে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে ...