অর্থনৈতিক প্রতিবেদক
বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সুদের হার এক অঙ্কে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, উচ্চ সুদের হার—বিশেষ করে ১৩ থেকে ১৪ শতাংশ—দিয়ে টেক্সটাইলসহ শ্রমঘন শিল্প টিকিয়ে রাখা সম্ভব নয়। তাই নতুন বিনিয়োগ ও চলমান ব্যবসার প্রবৃদ্ধি নিশ্চিত করতে সুদের হার কমানো এখন সরকারের অগ্রাধিকার।
বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চার দিনব্যাপী বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল, নিটিং অ্যান্ড গার্মেন্ট ইন্ডাস্ট্রি অ্যাক্সিবিশন (বিটিকেজি এক্সপো-২০২৬) উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) ও ইনফরচেইন ডিজিটাল টেকনোলজি লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলা ২ মে পর্যন্ত চলবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে পোশাক ও শিল্প খাত সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান তৈরি হচ্ছে, কিন্তু বর্তমানে শিল্পখাতের বড় চ্যালেঞ্জ হচ্ছে জ্বালানি সংকট এবং উচ্চ সুদের হার। তিনি উল্লেখ করেন, এ ধরনের সুদের হার হয়তো উচ্চপ্রযুক্তি বা এভিয়েশন খাতে টেকসই হতে পারে, কিন্তু টেক্সটাইলের মতো কম লাভের শিল্পে তা সম্ভব নয়।
জ্বালানি পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৪৩০০ এমএমসিএফডি হলেও উৎপাদন হচ্ছে মাত্র ১৭০০ থেকে ২৩০০ এমএমসিএফডি। ফলে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। এলএনজি আমদানি বাড়াতে সরকার প্রস্তুত থাকলেও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে তা দ্রুত বাড়ানো যাচ্ছে না। বর্তমানে দুটি এফএসআরইউ’র মাধ্যমে গ্যাস সরবরাহ করা হচ্ছে, যার কার্যকর সক্ষমতা প্রায় ৯৫০ এমএমসিএফডি। ভবিষ্যতে আরও এফএসআরইউ স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
ব্যবসা সহজীকরণের বিষয়ে মন্ত্রী বলেন, নতুন ব্যবসা শুরু করতে বর্তমানে ২৫-২৬ ধরনের লাইসেন্স ও অনুমোদন পেতে দীর্ঘ সময় লাগে। এই প্রক্রিয়া সহজ করতে আবেদন করার সঙ্গে সঙ্গে প্রভিশনাল লাইসেন্স দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে উদ্যোক্তারা দ্রুত কার্যক্রম শুরু করতে পারেন। পরে স্থায়ী অনুমোদনের প্রক্রিয়া চলবে।
এছাড়া বন্ড লাইসেন্স নবায়নের প্রক্রিয়াও সহজ করা হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, ব্যবসায়ীদের স্বস্তি দিতে কর ও শুল্ক কাঠামো সহজ করার পাশাপাশি অতিরিক্ত নিয়ন্ত্রণ কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন ফজলে শামীম এহসান। এছাড়া ইনফরচেইন ডিজিটাল টেকনোলজি লিমিটেডের নির্বাহী পরিচালক স্পেন্সার লিন এবং বিকেএমইএর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রাশেদ বক্তব্য দেন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

