এমএনএ শিক্ষা ও ভর্তি ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিভাগীয় কেন্দ্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হয়েছে। এতে ৯৪৬ ভর্তিচ্ছুর মধ্যে অংশ নিয়েছেন ৫৫৮ জন। শতকরা ৪১ শতাংশ শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। আজ শনিবার (৯ অক্টোবর) সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদে পরীক্ষা শুরু হয়ে বেলা সাড়ে বারোটায় শেষ হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া জানান, ৯৪৬ জন ভর্তিচ্ছুর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৫৫৮ জন। অনুপস্থিত ছিলেন ৩৮৮ জন। তিনি জানান, ঢাবির ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। জালিয়াতি বা অনিয়মের কোনো ঘটনা ঘটেনি।
এর আগে গেল ১ ও ২ অক্টোবর ‘ক’ ও ‘খ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ছাড়া আগামী ২২ অক্টোবর ব্যবসায় শিক্ষা অনুষদের (গ ইউনিট) পরীক্ষায় ৩ হাজার ৫৫৫ জন ও ২৩ অক্টোবর সামাজিক বিজ্ঞান অনুষদের (ঘ ইউনিট) পরীক্ষায় ৯ হাজার ৮৮০ জন শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

