Don't Miss
Home / আজকের সংবাদ / চাঁপাইনবাবগঞ্জের ‘অপারেশন ঈগল হান্ট’ স্থগিত

চাঁপাইনবাবগঞ্জের ‘অপারেশন ঈগল হান্ট’ স্থগিত

রাজশাহী জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিবনগর গ্রামের জঙ্গি আস্তানায় সোয়াতের ‘অপারেশন ঈগল হান্ট’ রাতে স্থগিত করা হয়েছে।

আজ বুধবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এ সোয়াত এ অভিযান শুরু করে।

অভিযানের এক পর্যায়ে রাতে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের স্পেশাল অ্যাকশন গ্রুপের ডিসি প্রলয় কুমার জোয়াদ্দার সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি জানান, ওই বাড়ি থেকে ৪/৫টি গ্রেনেড বিস্ফোরণ ঘটানো হয়। এছাড়া ব্যাপক গুলিবর্ষণ করা হয়।

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, রাতে অপারেশন ঈগল হান্ট স্থগিত করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে ফের অভিযান শুরু করা হবে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোয়াত অভিযানের আগে বাড়ির ভিতরে থাকা নারী ও শিশুদের বের করে আনার চেষ্টা চলে। এক পর্যায়ে সন্ধ্যা ৬টায় ওই বাড়িতে থাকা জঙ্গি রফিকুল ইসলাম আবুর মা ফুলসানা বেগম, চাচী চ্যামেলি বেগম ও অন্য স্বজনদের বাড়ির সামনে আনা হয়। তারা বাড়ির ভিতর থেকে বের হয়ে আসার আহ্বান জানালেও ভিতর থেকে কেউ সাড়া দেয় না।

এ সময় আবুর মাকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি কোনো উত্তর দেন না । তবে আবুর চাচী চ্যামেলি বেগম বলেন, ‘আমরা ওই বাড়িতে গিয়ে আবুকে বের হয়ে আসতে বলেছি। কিন্তু ভেতর থেকে কেউ কোনো কথা বলেনি।’

তিনি জানান, বাড়ির ভেতরে আবুসহ তার স্ত্রী সুমাইয়া বেগম, কন্যা নুরী (৭) ও আরেক কন্যা সাদিয়া(৫) রয়েছে।

পরে তাদের ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়।

এরপর পুলিশ তাদেরকে আত্মসমর্পণের জন্য ১০ মিনিটের সময় বেঁধে দেয়। কিন্তু তাতেও কেউ সাড়া দেয়নি। এরপর অভিযান শুরু হয়। মুহুর্মুহু গুলির শব্দে এলাকা প্রকম্পিত হয়ে উঠে।

এর আগে সকাল থেকে আইন শঙ্খলা বাহিনী বাড়িটি ঘিরে রাখে। সকাল থেকেই বাড়ি থেকে থেমে থেমে গুলির শব্দ শোনা যায়। সর্বসাধারণের নিরাপত্তায় সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম টিমের সহকারী কমিশনার তৌহিদুল ইসলাম ঘটনাস্থলে গণমাধ্যমকে জানান, ওই বাড়িতে জঙ্গি আবু, তার স্ত্রী ও দুই সন্তান অবস্থান করছে। অভিযানের প্রস্তুতি চলছে।

পুলিশ জানিয়েছে, ত্রিমোহনী এলাকার ওই বাড়ির মালিক সাইদুর রহমান (জেন্টু বিশ্বাস)। মাস দেড়েক আগে একতলা ভবনবিশিষ্ট ওই বাড়িটিতে পরিবার নিয়ে ভাড়ায় বসবাস শুরু করেন একই এলাকার আবু।

ওই এলাকা থেকে মাহফুজুর রহমান (৩৫), আবদুস সালাম (৩২) ও মনিরুল ইসলাম নামের তিনজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সম্প্রতি চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি বাড়িতে জঙ্গি আস্তান সন্দেহে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...