এমএনএ রিপোর্ট : দেশে চালের দাম নিয়ে চালবাজি হচ্ছে, রাজনীতি হচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি আরও বলেন, বন্যা ও রোগবালাইয়ের কারণে ফসলহানির পরেও এক কোটি ৯২ লাখ টন ধান ঘরে উঠেছে।
তিনি বলেছেন, দেশে এক কোটি মেট্রিক টন চাল আছে। চালের দাম নিয়ে চালবাজি হচ্ছে, রাজনীতি হচ্ছে। চাল নিয়ে সমস্ত দেশকে একটা বিভ্রাটের মধ্যে ফেলার চেষ্টা করা হচ্ছে। সরকারকে বেকায়দায় ফেলতে সুক্ষ্ম ষড়যন্ত্র হচ্ছে। উদ্দেশ্যমূলকভাবে চাল নিয়ে চালবাজি হচ্ছে, চাল নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ভীতি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।
চালের দাম বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, খাদ্য উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। এর পরও চালের দাম বাড়ার কোনো কারণ নেই। চালের দাম নিয়ে রাজনীতি হচ্ছে। আড়তদার ও মজুদদাররা কারসাজি করে দাম বাড়াচ্ছেন।
কামরুল ইসলাম বলেন, আমি মজুতদার, আড়তদার, মিল মালিকসহ সবার প্রতি আমি আহ্বান জানাব- এখনই ভালো হয়ে যান, সময় আছে। এখনও সময় আছে ভালো হয়ে যান। আপনারা যেভাবে (চালের) দাম বাড়াচ্ছেন, যেভাবে সিন্ডিকেট করে দেশে চালবাজি শুরু করেছেন, চাল নিয়ে রাজনীতি শুরু করেছেন, একটা বিভ্রাট সৃষ্টির চেষ্টা করছেন তা কোনো অবস্থাতেই বরদাস্ত করা হবে না। এখনই শেষ সুযোগ আপনাদের ভালো হয়ে যান।
মন্ত্রী জানান, আগামী রবিবার থেকে রাজধানী ঢাকাসহ সব বিভাগীয় শহরে খোলা বাজারে চাল বিক্রি শুরু হবে।
ভারত রপ্তানি বন্ধ করবে- এমন খবরে দেশের চালের বাজার আরও অস্থিতিশীল হয়ে পড়েছে। গত দু’দিনেই পাইকারিতে প্রতি কেজিতে গড়ে ৫ টাকা দাম বেড়েছে।
হাওরে আগাম বন্যায় ফসলহানির পর দুই দফা বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলের ফসল নষ্ট হয়েছে। বেশ কয়েক মাস আগে বেড়ে যাওয়া চালের দাম গত কয়েক দিনে আরও বেড়েছে।
চাল আমদানি শুল্ক ২৬ শতাংশ কমিয়ে দুই শতাংশে নামানোর পরেও চালের বাজারে অস্থিরতা কাটছে না। এরপর থাইল্যান্ড, ক্যাম্বোডিয়া ও মিয়ানমার থেকে চাল আমদানির চুক্তি করেছে সরকার।
ইতোমধ্যে থাইল্যান্ড দুই দফায় আমদানির চাল এলেও বাজারে দাম কমছে না।
বাণিজ্য মন্ত্রণালয়ের তদারকির অভাবে চালের দাম বাড়ছে বলে খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা অভিযোগ করে আসছেন। চালের বাজার নিয়ন্ত্রণে বিগত কয়েক মাসে বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ কোনো তৎপরতাও চোখে পড়েনি।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

