ছুটির বিকেলে নাতি-নাতনিদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি
Posted by: News Desk
February 23, 2018
এমএনএ রিপোর্ট : আজ শুক্রবার ছুটির বিকেলে গণভবনে নাতি-নাতনিদের সঙ্গে খুনসুটি হাস্যোল্লাসে অনিন্দ্য সুন্দর সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাজারও ব্যস্ততার মাঝেও হাতে কিছুটা সময় পেয়েই নাতি-নাতনিদের একান্ত সময় দিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
কখনও এ পা পড়ে রান্না ঘরে, কখনও খালি পায়ে সমুদ্র তীরে। তিনি আনন্দময়ী, তিনি আনন্দপ্রেমী। বহু রূপে রূপায়িত তিনি। শুধু একজন শাসক, প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগের সভাপতিই নন। তিনি কখনও মা, কখনও দাদী আবার কখনও নানী। সফলভাবে দেশ পরিচালনার পাশাপাশি একটু সময় পেলেই চলে যান অন্য ভুবনে। কখনও খেলায় মেতে ওঠেন নাতি-নাতনিদের নিয়ে।
আজ শুক্রবার প্রধানমন্ত্রী কার্যালয়ের অফিসিয়াল ফটোগ্রাফার সুমন দাস তার ফেসবুকে দুটি ছবি শেয়ার করে লেখেন, ‘আজ বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে তাঁর নাতিনদের সাথে।’
এ ছবিই যেন প্রমাণ করে দেশ সেবার দায়িত্ব পালনের পাশাপাশি নিজ ঘরেও কতটা সহজে অতি সাধারণ হয়ে উঠতে পারেন তিনি।
ওই ছবি দুটির একটিতে দেখা যায়, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের মাঠে প্রধানমন্ত্রীকে তাঁর নাতি-নাতনিরা টানাটানি করছেন। আরেকটিতে দেখা যায় প্রধানমন্ত্রী একটি গাছের বেদিতে বসে তাঁর নাতনির চুলে হাত বুলাচ্ছেন।
পোস্ট করার পরপরই ছবি দুটি খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসাসূচক বাক্য লিখে ছবি দুটি শেয়ার করতে থাকেন অনেকেই।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকনও এ দুটি ছবি তার ফেসবুকে পোস্ট করে লেখেন, আজ (শুক্রবার) বিকেলে গণভবনে নাতি-নাতনিদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী। একটি ছবিতে দেখা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট কন্যা শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির সন্তান লীলা ও কাইয়ূসের সঙ্গে খুনসুটি করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরেকটি ছবিতে নাতনির চুলের বেণী করে দিতে দেখা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সাধারণে অসাধারণ আমাদের আপা……। আমাদের ঠিকানা।
ফেসবুকে ওই ছবির নিচে মামুন রনবির নামে এক ব্যক্তি লিখেছেন- গ্রেট, ভেবে ভালো লাগে আমাদের একজন অসাধারণ প্রাইম মিনিস্টার আছেন…।
ফারহানা আফরুজা নামে এক নারী লিখেছেন, বড্ড মায়াবী এক ছবি।
এর আগে ২০১৩ সালের জুলাই মাসের শেষ দিকে ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্য রান্না ঘরে ঢুকে রান্না করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছেলের জন্মদিন উপলক্ষে করা প্রধানমন্ত্রীর ওই রান্নার ছবিও তখন ভাইরাল হয় ফেসবুকে।
প্রধানমন্ত্রীর সঙ্গে বিকেলে ছুটির নাতি-নাতনিদের খুনসুটি 2018-02-23