এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪৭ জন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক ব্যক্তি।
পুলিশ ও ফায়ার ব্রিগেডের বরাতে বিবিসি জানিয়েছে, আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জাকার্তার তানগেরাং শিল্প এলাকার ওই আতজবাজি কারখানাটিতে আগুন লাগে।
শেষ খবর পাওয়া পর্যন্ত দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছিলেন। ফ্যাক্টরি থেকে নিহতদের দেহ বের করার চেষ্টা করছেন উদ্ধারকারীরা। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবরে বলা হয়েছে।
ঘটনাস্থল থেকে দমকল কর্মী অনি সাহরোনি মেট্রো টিভিকে বলেছেন, ‘যাদের মৃত্যু হয়েছে তাদের শনাক্ত করা সম্ভব হচ্ছে না, কেননা তাদের দেহ পুরোপুরি পুড়ে গেছে।’
রাজধানী জাকার্তার পশ্চিমে বাতেন প্রদেশে জনবহুল এলাকা তানগেরাংয়ে ওই ফ্যাক্টরি অবস্থিত। জাকার্তা থেকে এর দূরত্ব ২৫ কিলোমিটার।
জার্কাতার পুলিশ কর্মকর্তা নিকো আফিনতা জানান, কারখানাটিতে ১০৩ জন শ্রমিক কাজ করত। আর যারা হতাহত হয়েছে তারা সবাই কারখানাটির কর্মী।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, ওই কারখানায় যারা কাজ করতেন তাদের অধিকাংশই নারী। বিস্ফোরণে আহতদের উদ্ধার করে স্থানীয় তিনটি হাসপাতালে নেয়া হয়েছে। অন্যদিকে নিহতদের পরিচয় নিশ্চিত হতে তাদের মরদেহ জাকার্তার পুলিশ হাসপাতালে নেয়া হয়েছে।
বৈদ্যুতিক লাইনে ত্রুটির কারণে এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে তদন্ত করছে পুলিশ।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক




