Don't Miss
Home / আজকের সংবাদ / জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে জিডি লাগবে না

জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে জিডি লাগবে না

এমএনএ রিপোর্ট : জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেলে সেটি তুলতে এখন থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা লাগবে না। নির্বাচন কমিশন (ইসি) বাধ্যতামূলক এই বিধানটি তুলে দিয়েছে।
ইসির এমন সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে বিষয়টির নিশ্চিত করেছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম।
তিনি বলেন, নাগরিকদের ভোগান্তি কমানোর জন্য হারানো এনআইডি তুলতে জিডি না করে যেনো তা উঠানো যায় বিষয়টি আমি গত কমিশন মিটিংয়ে উপস্থাপন করেছিলাম। কমিশন এতে সম্মতি দিয়েছে। এক্ষেত্রে শুধুমাত্র হারানো এনআইডি কার্ড তোলার জন্য নির্ধারিত ফি জমা দিলেই হবে।
মাঠপর্যায়ে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি ইতোমধ্যে ফাইলে স্বাক্ষর করেছি মাঠপর্যায়ে পাঠানোর জন্য।
এনআইডি হারিয়ে গেলে জিডি করতে গিয়ে নাগরিকেরা অনেক সময়েই ভোগান্তির মধ্যে পড়েন। নাগরিকদের ভোগান্তি কমানোর জন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ও এনআইডির পরিচালক (অপারেশনস) আবদুল বাতেন বলেন, হারানো জাতীয় পরিচয়পত্র ওঠাতে থানায় জিডি করা বাধ্যতামূলক। প্রাথমিক এই কাজটি করার বিষয়ে দেশের অনেক নাগরিক সচেতন নয়। তাই কার্ডটি হারানোর পর জিডি না করেই অনেকে সেটি ওঠাতে নির্বাচন কমিশনে ছুটে আসেন। তখন পরামর্শ দেওয়া হয় থানায় জিডি করে তার অনুলিপি আবেদনপত্রের সঙ্গে যুক্ত করার জন্য। এটিও গ্রাহকদের জন্য এক ধরনের ভোগান্তি।
পরিচালক বলেন, জিডির প্রয়োজনীয়তা আছে কি নেই কমিশনে আলোচনা করে একটি বিষয় পরিষ্কার হয়েছে, একজন ব্যক্তির আইডি অন্য আরেকজন নিয়ে কারসাজি কিংবা প্রতারণার মাধ্যমে তাকে বিপদে ফেলতে পারেন না। কারণ আইডি নিয়ে তার অপব্যবহার করার সুযোগ কম। কেননা সংশ্লিষ্ট নম্বরটি সার্চ দিলেই এই কার্ডটির বৈধ মালিককে তা ডেটাবেইস শনাক্ত করে থাকে।
এ ছাড়া জিডি করতে গিয়ে অনেক সময় হয়রানির শিকার হন কিংবা পুলিশ এটি করা নিয়ে টালবাহানা করে থাকে বলেও অভিযোগ আছে।
তাই হারানো কার্ডটি দ্রুত সময়ের মধ্যে পেতে জিডির বিধানটি বাদ দেওয়া হয়েছে। এতে পুলিশের কাজ কিছুটা কমার পাশাপাশি আর্থিক বাণিজ্যের পথ বন্ধ হবে। পাশাপাশি হয়রানিও অনেকাংশে কমে আসবে বলে আমি মনে করি, জানান এনআইডির পরিচালক (অপারেশনস)।
ইসির তথ্য অনুযায়ী, দেশের ১০ কোটির উপরে ভোটারের মধ্যে ৯ কোটির হাতে লেমিনেটেড এনআইডি রয়েছে। এর আগে এনআইডি সংক্রান্ত সকল সেবা ফ্রি দেয়া হলেও ২০১৫ সালের ১ সেপ্টেম্বর থেকে ফি নেওয়া শুরু করে কমিশন।
বর্তমানে হারানো কার্ড তুলতে প্রথমবার সাধারণভাবে ২০০ টাকা এবং জরুরির ক্ষেত্রে ৩০০ টাকা ফি নির্ধারিত আছে।
x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...