Don't Miss
Home / অর্থনীতি / জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মোবাইল ব্যাংকিং লেনদেনে কড়াকড়ি, নতুন নির্দেশনা জারি

জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মোবাইল ব্যাংকিং লেনদেনে কড়াকড়ি, নতুন নির্দেশনা জারি

এমএনএ প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোবাইল ব্যাংকিং লেনদেনে কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী বিকাশ, রকেট ও নগদসহ সব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে (এমএফএস) নির্ধারিত সময়ের জন্য ব্যক্তি পর্যায়ে লেনদেনের সীমা কমিয়ে আনা হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে। এতে বলা হয়, নির্বাচনের সময় এমএফএস ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি)-এর আওতাধীন আইবিএফটির মাধ্যমে পি-টু-পি (ব্যক্তি থেকে ব্যক্তি) লেনদেনের অপব্যবহার রোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৯৬ ঘণ্টা মোবাইল ব্যাংকিংয়ের ব্যক্তি হিসাবের লেনদেনে সীমাবদ্ধতা কার্যকর থাকবে।

এই সময়ে এমএফএস গ্রাহকরা দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা লেনদেন করতে পারবেন। প্রতিবার লেনদেনের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা এবং এক দিনে সর্বোচ্চ ১০ বার লেনদেন করা যাবে।

তবে মার্চেন্ট পেমেন্ট ও ইউটিলিটি বিল পরিশোধের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী লেনদেন অব্যাহত থাকবে। এ ছাড়া নির্ধারিত ৯৬ ঘণ্টা অন্যান্য সব ধরনের এমএফএস লেনদেন সাময়িকভাবে বন্ধ থাকবে।

বর্তমানে একজন এমএফএস গ্রাহক দিনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা এবং মাসে তিন লাখ টাকা পর্যন্ত লেনদেন করতে পারেন।

এদিকে নির্বাচন উপলক্ষ্যে এমএফএস সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও দ্রুত নিষ্পত্তির জন্য প্রতিটি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডারকে নিজস্ব কুইক রেসপন্স সেল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সব ধরনের লেনদেন সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণের আওতায় রাখতে হবে। কোনো সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেন শনাক্ত হলে দ্রুত সংশ্লিষ্ট থানায় রিপোর্ট করার নির্দেশও দেওয়া হয়েছে।

একই সঙ্গে এই ৯৬ ঘণ্টা পি-টু-পি ইন্টারনেট ব্যাংকিংয়ের (আইবিএফটির মাধ্যমে লেনদেন) কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে। এ বিষয়ে এমএফএস প্রোভাইডার ও ব্যাংকগুলোকে নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

x

Check Also

দীর্ঘ ২৫ বছরেও শেষ হয়নি রমনা বটমূলের বর্ষবরণ অনুষ্ঠানে হামলা মামলার বিচার

বিশেষ প্রতিবেদন বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে যখন সারাদেশে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে, তখনও অনেকের মনে ফিরে ...