Don't Miss
Home / রাজনীতি / জিয়ার কবর নিয়ে হটাৎ কেন এত আলোচনা
জিয়াউর রহমানের কবর

জিয়ার কবর নিয়ে হটাৎ কেন এত আলোচনা

এমএনএ রাজনীতি ডেস্ক : বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর নিয়ে এর আগে কয়েক দফা আলোচনা হয়েছে। এখান থেকে কবর সরানোর উদ্যোগও নেয় সরকার। তবে এবার চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের লাশই নেই,সরকারপ্রধান শেখ হাসিনার এমন মন্তব্যের পর সবখানে এ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। গতকাল দিনব্যাপী আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের মুখে বিভিন্ন বক্তব্য উঠে আসে। সামাজিক মাধ্যমেও এ নিয়ে পক্ষে-বিপক্ষে কথাবার্তা হচ্ছে।জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার এক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হঠাৎই জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে বলেন, খালেদা জিয়া তারেক রহমানসহ বিএনপির নেতারাও ভালো করে জানেন, চন্দ্রিমা উদ্যানে জিয়ার কবর নেই। সম্প্রতি চন্দ্রিমা উদ্যানে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপিকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষ জড়ায়। এতে ক্ষুব্ধ শেখ হাসিনা বলেন, চন্দ্রিমা উদ্যানে জিয়ার কবরে গিয়েও ওই যে মারামারি করল, বিএনপি জানে না যে সেখানে জিয়ার কবর নেই? জিয়া নেই ওখানে? জিয়ার লাশ নেই? তারা তো ভালোই জানে। তাহলে এত নাটক করে কেন?

প্রধানমন্ত্রী বলেন, তারেক রহমান কি বলতে পারবে যে তারা তার বাবার লাশ দেখেছে? গুলি খাওয়া লাশ তো দেখাই যায়। তারা কি দেখেছে কখনও? বা কোনো একটা ছবি দেখেছে কেউ? দেখেনি। কারণ ওখানে কোনো লাশ ছিল না।
প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘হাস্যকর’ বলেন। ফখরুল বলেন, শেখ হাসিনা জিয়াউর রহমানের মাজার সম্পর্কে কথা বলেছেন, তার একাত্তর সালের যুদ্ধের ভূমিকা নিয়েও কথা বলেছেন। একটা হাস্যকর বক্তব্য।তিনি বলেন, এটা ঐতিহাসিকভাবে সত্য, প্রেসিডেন্ট জিয়াউর রহমান রণাঙ্গনে থেকেই যুদ্ধ করেছেন, যুদ্ধ পরিচালনা করেছেন। তিনি যেদিন শাহাদাতবরণ করেন, সেদিন এদেশের লাখ লাখ মানুষ তার জন্য কেঁদেছিল। মানিক মিয়া অ্যাভিনিউয়ে তার জানাজায় লাখ লাখ মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে, তিনি কত জনপ্রিয় নেতা ছিলেন।
এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি চ্যালেঞ্জ ছুড়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, চন্দ্রিমা উদ্যানে কী কারণে মাতম করেন? কাঠের বাক্সের মধ্যে জিয়াউর রহমানের লাশ ছিল সেটা প্রমাণ করেন? চট্টগ্রাম থেকে যে কাঠের বাক্সটি এসেছিল সেই বাক্স খুলে তার স্ত্রী খালেদা জিয়াকেও দেখানো হয়নি। চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কোনো লাশ আছে বলে আমরা বিশ্বাস করি না। শুক্রবার এক স্মরণ সভায় তিনি এ কথা বলেন।
অন্যদিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রথম কবরে ‘একটি বাক্স’ দাফন করা হয়েছিল বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সত্য কথা বলেছেন। চন্দ্রিমা উদ্যানে আসলে জিয়াউর রহমানের কোনো লাশ নেই। রাঙ্গুনিয়ার পোমরা ইউনিয়নে নাকি জিয়াকে প্রথম কবর দেওয়া হয়েছিল। তবে সেখানেও জিয়াউর রহমানকে কবর দিতে কেউ দেখেনি। একটা বাক্স দাফন করতে দেখেছিলেন। তথ্যমন্ত্রীর মতে, জিয়ার লাশ দাফন করতে খালেদা জিয়া, তারেক রহমান, বিচারপতি সাত্তারও দেখেননি। জিন-ভূতে দেখেছে কি না আমি জানি না।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সম্পর্কে বৃহস্পতিবার দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের কড়া সমালোচনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের বরেণ্য মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে প্রতিনিয়ত মিথ্যাচার করা হচ্ছে। শুক্রবার তিনি এসব বক্তব্যকে ‘অসার বাচালতা’ বলে আখ্যায়িত করেন।
তবে হঠাৎ কেন আলোচনায় জিয়াউর রহমানের কবর? এ নিয়ে আওয়ামী লীগ বলছে, বিএনপি সম্প্রতি নানা ইস্যুতে চন্দ্রিমা উদ্যানে গিয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। কর্মসূচি ছাড়াই হুটহাট দলবল নিয়ে শেরেবাংলা নগর এলাকায় সড়কে ভাঙচুর করে। এতে প্রধানমন্ত্রী নিজেও বিরক্ত হয়েছেন। আর বিএনপি বলছে, সরকার যেকোনোভাবে জিয়াউর রহমানকে খাটো করতে মরিয়া। জনগণের কাছে মিথ্যা তথ্য দিয়ে তার জনপ্রিয়তাকে হালকা করতে চায়। এ ছাড়া কিছু নয়।
x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...