Don't Miss
Home / সংসদ / জুলাই যোদ্ধা সুরক্ষা অধ্যাদেশ বিল আকারে সংসদে উপস্থাপন, পাসের সিদ্ধান্ত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই যোদ্ধা সুরক্ষা অধ্যাদেশ বিল আকারে সংসদে উপস্থাপন, পাসের সিদ্ধান্ত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এমএনএ  প্রতিবেদক

জুলাই যোদ্ধাদের সুরক্ষা নিশ্চিত করতে প্রণীত অধ্যাদেশকে বিল আকারে জাতীয় সংসদে উপস্থাপন ও তা পাস করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের এক সম্পূরক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জুলাই যোদ্ধাদের দায়মুক্তি এবং আইনি ও সাংবিধানিক সুরক্ষা দেওয়ার বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। অঙ্গীকারনামার ৬ নম্বর দফার ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ‘জুলাই যোদ্ধা সুরক্ষা অধ্যাদেশ’ জারি করা হয়। সে সময় জারি হওয়া মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে এটিও একটি, যা বর্তমানে যাচাই-বাছাইয়ের জন্য সংসদীয় বিশেষ কমিটির কাছে রয়েছে।

তিনি আরও বলেন, আগামী ২ তারিখে অনুষ্ঠিত বিশেষ কমিটির বৈঠকে বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এবং সেখানে সর্বসম্মতিক্রমে অধ্যাদেশটিকে বিল হিসেবে সংসদে উত্থাপন ও পাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর ‘হানাদার বাহিনীর মতো’ হামলা চালানো হয় এবং এতে বহু হতাহতের ঘটনা ঘটে। তবে তিনি উল্লেখ করেন, সে সময়কার পরিস্থিতির প্রেক্ষিতেই এসব ঘটনার নিষ্পত্তি হয়েছে।

এ বিষয়ে জাতীয় সংসদের সব সদস্যই জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা নিশ্চিত করার পক্ষে একমত হয়েছেন বলেও জানান তিনি।

x

Check Also

জুন মাসের মধ্যেই সারা দেশে হেলথ কার্ড প্রদান কার্যক্রম চালু: স্বাস্থ্যমন্ত্রী

নরসিংদী প্রতিনিধি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, নতুন বছরে দেশকে ...