কুমিল্লা প্রতিনিধি
চাঁদাবাজি, অবিচার ও জুলুম-নির্যাতনের সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, কেউ যদি অন্যায় কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাহলে তাকে হাত-পা বেঁধে পুলিশে সোপর্দ করা হবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের নির্বাচনী প্রচারণার শেষ দিনে হিন্দু ধর্মাবলম্বীদের আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ওই আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক এই মন্ত্রী ও সংসদ সদস্য।
কায়কোবাদ বলেন, এলাকার সমস্যা ও সাধারণ মানুষের কথা তিনি সরাসরি শুনে সিদ্ধান্ত নেবেন। তার কাছে যাওয়ার জন্য কোনো নেতার পরিচয় বা সুপারিশের প্রয়োজন নেই। কেউ যদি নেতার পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে তার কাছে আসতে বাধা দেয়, তাহলে তাকে উপেক্ষা করে সরাসরি তার কাছে আসার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, অন্যায়কারীর কোনো স্থান তার রাজনীতিতে নেই। সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তিনি আপসহীন থাকবেন এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাঁদাবাজির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে কায়কোবাদ বলেন, সিএনজি, অটোরিকশাসহ কোনো ধরনের পরিবহন থেকে জিপির নামে কেউ চাঁদাবাজি করতে পারবে না। চালক ও ব্যবসায়ীরা যেন নিরাপদে ও নির্বিঘ্নে তাদের কাজ পরিচালনা করতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করা হবে।
এদিন মুরাদনগরের প্রতিটি ওয়ার্ডে ধানের শীষের সমর্থনে গণমিছিল অনুষ্ঠিত হয়। বিকেলে মুরাদনগর সদরে আয়োজিত গণমিছিল ও পথসভায়ও বক্তব্য দেন কায়কোবাদ।
এছাড়া কোম্পানিগঞ্জে ব্যবসায়ীদের সঙ্গে এবং সিএনজি ও অটোরিকশা চালকদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা করেন তিনি।
সভাগুলোতে আরও বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী কাজী আবু কাউছার, কাজী জুননুন বসরী, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুইয়া ও আব্দুল আজিজ মোল্লা। এছাড়াও বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ বাবু, উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তার মিনা, জাপান বিএনপির সহ-সম্পাদক সাজ্জাদ হোসাইন সজিব, উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ এবং স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাহ।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক
