Don't Miss
Home / আজকের সংবাদ / জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, সরকার-মালিকদের বৈঠকে বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১১ পয়সা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, সরকার-মালিকদের বৈঠকে বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১১ পয়সা

এমএনএ প্রতিবেদক

জ্বালানি তেলের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির প্রভাব সরাসরি গণপরিবহন খাতে পড়ায় সরকার বাস ভাড়া পুনর্নির্ধারণ করেছে। সর্বনিম্ন ভাড়া ১০ টাকা অপরিবর্তিত রেখে প্রতি কিলোমিটারে ১১ পয়সা ভাড়া বাড়ানোর ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

নতুন এই ভাড়া বৃহস্পতিবার (২৩ এপ্রিল) থেকেই কার্যকর হয়েছে এবং এটি শুধু ডিজেলচালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে পরিবহন মালিক, শ্রমিক প্রতিনিধি এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী এ সিদ্ধান্ত জানান।

বৈঠকে বাস মালিকরা প্রতি কিলোমিটারে ২২ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিলেও সরকার জনস্বার্থ বিবেচনায় তা অর্ধেকে নামিয়ে ১১ পয়সা বৃদ্ধির সিদ্ধান্ত নেয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৫৩ পয়সা হয়েছে। দূরপাল্লা ও আন্তঃজেলা রুটে প্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ২৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এলাকার কিছু নির্ধারিত রুটেও একই হারে সমন্বয় আনা হয়েছে।

মন্ত্রী বলেন, “জ্বালানি তেলের দাম বাড়লে পরিবহন ব্যয়ও বাড়ে, তাই সীমিত আকারে ভাড়া সমন্বয় করা হয়েছে। ভবিষ্যতে জ্বালানির দাম কমে গেলে বাসভাড়াও পুনরায় সমন্বয় করা হবে।” তিনি আরও জানান, সিএনজিচালিত বাসের ক্ষেত্রে এই বাড়তি ভাড়া প্রযোজ্য হবে না, কারণ সেসব যানবাহনের পরিচালন ব্যয় ডিজেলচালিত বাসের তুলনায় আলাদা।

গত ১৮ এপ্রিল সরকার আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধি ও আমদানি ব্যয় বেড়ে যাওয়ার কারণ দেখিয়ে প্রতি লিটার ডিজেলের দাম ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা এবং কেরোসিন ১৮ টাকা বাড়ায়। নতুন মূল্য অনুযায়ী ডিজেলের দাম এখন ১১৫ টাকা প্রতি লিটার। এই মূল্যবৃদ্ধির পরপরই পরিবহন মালিকরা ভাড়া সমন্বয়ের দাবি জানিয়ে আসছিলেন।

যাত্রী অধিকার সংগঠনগুলো অবশ্য বলছে, ভাড়া বাড়ানোর পাশাপাশি মাঠপর্যায়ে নজরদারি বাড়ানো জরুরি, যাতে কোনো পরিবহন নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে। বিআরটিএ জানিয়েছে, নতুন ভাড়ার তালিকা প্রতিটি বাসে টাঙিয়ে দিতে হবে এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

রেল ও নৌপথের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে মন্ত্রণালয়। তবে জ্বালানির দাম দীর্ঘমেয়াদে উচ্চ পর্যায়ে থাকলে অন্য পরিবহন খাতেও প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...