এমএনএ প্রতিবেদক
গত বছরের তুলনায় উৎপাদন খরচ ও জীবনযাপনের ব্যয় বহুগুনে বৃদ্ধি পেলেও দাম অপরিবর্তিত রেখে চলতি বোরো মৌসুমে আগামী ৩ মে থেকে ধান-চাল ও গম সংগ্রহ কার্যক্রম শুরু করছে সরকার। এ বছরও গত বছরের নির্ধারিত দাম – বোরো ধান প্রতি কেজি ৩৬ টাকা; সিদ্ধ চাল ৪৯ টাকা; আতপ চাল ৪৮ টাকা ও গম প্রতি কেজি ৩৬ টাকা দরে কেনা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার (২২ এপ্রিল) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী— ধান ও গম সংগ্রহ চলবে ৩ মে থেকে ৩১ আগস্ট ও চাল সংগ্রহ চলবে ১৫ মে থেকে ৩১ আগস্ট।
সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই দামগুলো গত বছরের মতোই রাখা হয়েছে, যাতে বাজারে স্থিতিশীলতা বজায় থাকে।
চলতি মৌসুমে মোট ১৮ লাখ টন খাদ্যশস্য সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে— ৫ লাখ টন ধান; ১২ লাখ টন সিদ্ধ চাল; ১ লাখ টন আতপ চাল ও ৫০ হাজার টন গম কেনা হবে।
গত বছরও সরকার একই দামে বোরো ধান ও চাল সংগ্রহ করেছিল। তখনও প্রায় একই পরিমাণ—১৮ লাখ টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় এবং সেই অনুযায়ী ক্রয় কার্যক্রম পরিচালিত হয়।
সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে দেশে খাদ্যশস্যের মজুত সন্তোষজনক রয়েছে। সরকারি গুদামে প্রায় ১৭ থেকে ১৮ লাখ টন চাল মজুত আছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নির্ধারিত মূল্যে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই সংগ্রহ কার্যক্রম পরিচালিত হলে কৃষক ন্যায্যমূল্য পাবেন এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

