Don't Miss
Home / আজকের সংবাদ / টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

এমএনএ স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম টি-২০তে সন্ধ্যা সাড়ে সাতটায় মাঠে নামবে দুই দল।

টি-টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে বাংলাদেশ এখনো নিজেদের মানিয়ে নিতে পারেনি। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে আগে পাঁচ সাক্ষাতে মাত্র একবার জয় পেয়েছে টাইগাররা। বাকি ৪টি জয়ই লঙ্কানদের থলিতে। তবে অতীত আর বর্তমানে যে বেশ তফাত রয়েয়ে টেস্ট এবং ওয়ানডে সিরিজে ইতোমধ্যেই ক্রিকেটবিশ্বকে সেটি বুঝিয়ে দিয়েছে বাংলাদেশ। এবার টি-টোয়েন্টিতে নিজেদের সক্ষমতা প্রমাণ দেয়ার পালা মাশরাফি-সাকিবদের। মঙ্গলবার কলম্বোতে সেই লক্ষ্যেই মাঠে নেমেছে লাল সবুজের জার্সিধারীরা। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

লঙ্কানদের বিপক্ষে টাইগারদের একমাত্র টি-টোয়েন্টি জয়টি এসেছিল ২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকায়। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের পঞ্চম ম্যাচে লঙ্কানদের ২৩ রানে হারিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে দলটির বিপক্ষে প্রথমবারের মতো জয়োল্লাস করেছিলেন মাশরাফিরা।

তবে সাম্প্রতিক পারফরম্যান্স বিচারে বাংলাদেশ বেশ এগিয়েই থাকবে। কেননা চলমান সফরেই দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে হার দিয়ে শ্রীলঙ্কা সফর শুরু করেছিল বাংলাদেশ। এরপর দাপটের সঙ্গেই দ্বিতীয় ও শেষ টেস্ট জিতে সিরিজে সমতা ফেরায় মুশফিকের দল। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয় পেয়েছিল বাংলাদেশ। তবে পরের দুটি ম্যাচে যথাক্রমে বৃষ্টি ও শ্রীলঙ্কা জয় পেলে সিরিজ ১-১ সমতায় শেষ হয়।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের পরিসংখ্যান যেখানে বিবর্ণ সেখানেই দাপট দেখিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপাজয়ী দলটি সম্প্রতি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মাটি থেকে সিরিজ জয় করে ফিরেছে। কলম্বোতে তাই কঠিন সময়ই অপেক্ষা করছে টাইগারদের সামনে।

বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

শ্রীলঙ্কা একাদশ: উপুল থারাঙ্গা (অধিনায়ক), দিলশান মুনাবিরা, কুশাল পেরেরা, লাথিস মালিঙ্গা, নুয়ান কুলাসেকারা, ভিকুম সঞ্জয়, মিলিন্দা সিরিবর্ধানে, আসেলা গুনারত্নে, সেকুগে প্রসন্ন, চামারা কাপুগেদারা ও থিসারা পেরেরা।

x

Check Also

চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল, আজ রাতে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি সৌদি সরকারের নির্ধারিত হজ ব্যবস্থাপনা রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৮ ...