এমএনএ স্পোর্টস ডেস্ক : প্যারাগুয়েকে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা বলতে গেলে নিশ্চিত করে ফেলেছিল ব্রাজিল। আনুষ্ঠানিকতা বাকি ছিল কেবল কাগজে-কলমে। পরের ম্যাচে পেরুর মাঠে উরুগুয়ে হেরে যাওয়ায় তিতের দলের বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। ওই ম্যাচের ফলে স্বাগতিকদের পর সবার আগে ২০১৮ বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে গেছে পাঁচ বারের চ্যাম্পিয়নদের।
বাংলাদেশ সময় আজ বুধবার সকালে সাও পাওলোর করিন্থিয়ান্স অ্যারেনায় ৩-০ গোলে জেতে ব্রাজিল। পরের ম্যাচে পেরুর মাঠে ২-১ গোলে হেরে যায় উরুগুয়ে।
ম্যাচের ৬৪ মিনিটে দুর্দান্ত এক গোল করলেন নেইমার। গোলটা নিজের এক ভুলের সংশোধনই বলা যায়। তার কিছুক্ষণ আগেই যে পেনাল্টি মিস করেছিলেন। বাঁ দিক দিয়ে বল নিয়ে ঢুকে অসাধারণ দক্ষতায় দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে জালে পাঠিয়ে দিলেন। প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের ৩-০ গোলের জয়ে নেইমারের অবদান কেবল এই দারুণ গোলটিই নয়। পুরো ম্যাচে দুর্দান্ত ফুটবলও খেলেছেন তিনি। দুর্দান্ত খেলেছেন কুতিনহোও। একটি গোল তাঁরও। মার্সেলো তৃতীয় গোলটি করে ব্রাজিলের টানা অষ্টম জয়টা নিশ্চিত করেন। ব্রাজিলকে নিয়ে যান ২০১৮ রাশিয়া বিশ্বকাপের হাতছোঁয়া দূরত্বে।
ম্যাচটিই যেন নেইমারের। শুরু দিকে প্যারাগুয়ের খেলোয়াড়দের মারমুখী আচরণটাই যেন প্রত্যয়ী করে তুলেছিল তাঁকে। ৫২ মিনিটে পেনাল্টি মিস করে আক্ষেপ করলেও ৭২ মিনিটে কিন্তু নিজের দ্বিতীয় গোলটি পেলেও পেতে পারতেন। প্যারাগুয়ের জালে বল পাঠিয়ে কিছুটা উদ্যাপন সেরে ফেললেও লাইন্সম্যানের চোখে তিনি ছিলেন অফসাইড।
ম্যাচের শুরুর সুযোগটা অবশ্য পেয়েছিল প্যারাগুয়েই। ডেরলিস গঞ্জালেস অবশ্য সুযোগটি কাজে লাগাতে পারেননি। প্যারাগুয়েকে এগিয়ে দেওয়ার আরও একটি সুযোগ পেয়েছিলেন হার্নান পেরেজ। ব্যর্থ হন তিনিও।
৩৪ মিনিটে পাওলিনহোর সঙ্গে দারুণ ওয়ান টু ওয়ান খেলে ডান প্রান্ত দিয়ে বল নিয়ে ঢুকে ব্রাজিলকে ১-০ গোলে এগিয়ে দেন কুতিনহো। এরপর পাওলিনহো ও নেইমার নষ্ট করেন আরও দুটি সুযোগ।
৫৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন নেইমার। ৬৪ মিনিটে দারুণ গোল ব্রাজিলের জয় প্রায় নিশ্চিত করে দেন নেইমার। তবে করিন্থিয়ানসের অ্যারেনা সাও পাওলোর ৮০ হাজার দর্শককে আনন্দে ভাসিয়ে ৮৫ মিনিটে ব্রাজিলের তৃতীয় গোলটি করেন মার্সেলো। রাশিয়া বিশ্বকাপের খেলা কীভাবে দেখতে যাবেন, স্টেডিয়ামের দর্শকেরা তখন হয়তো এই আলোচনা শুরু করেই দিয়েছেন।
তিতের অধীনে টানা নবম জয়ে ১৪ ম্যাচে দক্ষিণ আমেরিকা অঞ্চলেলর বাছাইপর্বের শীর্ষে থাকা ব্রাজিলের পয়েন্ট ৩৩।
এই জয়ে ব্রাজিল লাতিন অঞ্চলে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শীর্ষ অবস্থানটা ধরে থাকল। আর্জেন্টিনার সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান—১১। দশ দলের বাছাইপর্বে কমপক্ষে পঞ্চম স্থানে থেকে শেষ করাটাও এক প্রকার নিশ্চিত। লাতিন অঞ্চলের পঞ্চম দলটি ওশেনিয়ার একটি দলের সঙ্গে প্লেঅফ খেলে জায়গা করে নেবে বিশ্বকাপে।
বাকি চার রাউন্ডের ম্যাচগুলোর ফল আর যাই হোক না কেন, ব্রাজিলের আর দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে চতুর্থ স্থানের নীচে যাচ্ছে না। এই অঞ্চল থেকে প্রথম চারটি দল সরাসরি রাশিয়া বিশ্বকাপে খেলবে। পঞ্চম স্থানের দলটিকে বিশ্বকাপের টিকেট পেতে খেলতে হবে ওশিয়ানিয়া অঞ্চলের শীর্ষ দলটির সঙ্গে।
হামেস রদ্রিগেসের নৈপুণ্যে একুয়েডরকে ২-০ গোলে হারানো কলম্বিয়া ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।
পেরুর মাঠে ২-১ গোলে হেরে যাওয়া উরুগুয়ে ২৩ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় অবস্থানে।
সান্তিয়াগোতে ভেনেজুয়েলাকে ৩-১ গোলে হারানো চিলি ২৩ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।
দিনের প্রথম ম্যাচে মেসিকে ছাড়া খেলতে খেলতে নেমে বলিভিয়ার মাঠে ২-০ গোলে হেরে গেছে আর্জেন্টিনা। ১৪ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে এদগার্দো বাউসার দল। মেসি আরও তিন ম্যাচের জন্য নিষিদ্ধ থাকায় রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লড়াইয়ে বেকায়দায় আছে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

