Don't Miss
Home / আজকের সংবাদ / টিকিটে ‘বাংলাদেশ’ বানান ভুল, অনুতপ্ত বিসিবি

টিকিটে ‘বাংলাদেশ’ বানান ভুল, অনুতপ্ত বিসিবি

এমএনএ স্পোর্টস ডেস্ক : টিকিটের গায়ে ইংরেজিতে বড় করে লেখা ‘বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা’। কিন্তু ‘বাংলাদেশ’ লেখা হয়েছে ভুল বানানে! টিকিটে বাংলাদেশ লিখতে গিয়ে তা হয়ে গেছে বিনাংলাদেশ! আর সেজন্য অনুতপ্ত বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা বিসিবি।
ইংরেজিতে বাংলাদেশ বানান, ‘BANGLADESH’ ঠিক এমন। তবে টিকিটের গায়ে ‘বাংলাদেশ’ বানান লেখা হয়েছে ‘BNANGLADESH’। শ্রীলঙ্কা বানান যদিও ঠিক আছে। ভুলটা দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। দর্শকেরা প্রশ্ন তুলেছেন টিকিট মুদ্রণে নিয়োজিতদের দায়িত্বজ্ঞান নিয়ে।
ফাইনাল বাদ দিলে রকেট ত্রিদেশীয় সিরিজের আগামীকালের ম্যাচের টিকিটের চাহিদাই সম্ভবত সবচেয়ে বেশি। একে তো ম্যাচটা হচ্ছে সাপ্তাহিক ছুটির দিনে, তার ওপর চন্ডিকা হাথুরুসিংহে দায়িত্ব নেওয়ার পর শ্রীলঙ্কার বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম ম্যাচ। খেলার বাইরেও অনেক ‘খেলা’ দেখার আছে। অথচ এই ম্যাচের টিকিটেই কিনা লাগল ভজকট!
বিসিবি অবশ্য সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই ভুলের জন্য দুঃখ প্রকাশ করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে। ভুল বানানে ‘বাংলাদেশ’ লেখা যেসব টিকিট তখনো বিক্রি হয়নি, সেগুলো প্রত্যাহার করে নতুন টিকিট ছাড়া হবে বলেও বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

টিকিটের যে অংশটি বিক্রেতার কাছে থাকবে সেটি ঠিক থাকলেও ভুলটা হয়েছে আসলে ক্রেতার অংশে। আগামীকাল শুক্রবার (১৯ জানুয়ারি) ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ও শ্রীলঙ্কা মধ্যকার ম্যাচের টিকিট ছাড়ার পরই টিকিটের ভুলটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিষয়টি দ্রুত নজরে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।
যেখানে টিকিটের গায়ে বাংলাদেশ নামের বানান ভুল দেখা গেছে।
ঘটনাটি নিয়ে আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুঃখ প্রকাশ করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আগামীকাল শুক্রবারের ম্যাচটির জন্য বানান শুদ্ধ করে নতুন করে টিকিট ছাপানো হয়েছে।
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচটি কাল শুরু বেলা ১২টায়।
দর্শকদের কাছে চলে যাওয়া টিকিট চাইলে তারা পরিবর্তন করে নিতে পারবেন বলে জানায় বোর্ড।
টিকিট ডিজাইন ও ছাপানোর দায়িত্ব যাদের দিয়েছিল বিসিবি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেও বিজ্ঞপ্তিতে সুস্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।
x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...