Don't Miss
Home / আজকের সংবাদ / ডিএসসিসি নির্বাচনে দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থীই চূড়ান্তভাবে অংশ নেবেন: ইশরাক

ডিএসসিসি নির্বাচনে দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থীই চূড়ান্তভাবে অংশ নেবেন: ইশরাক

এমএনএ প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থীই চূড়ান্তভাবে নির্বাচনে অংশ নেবেন বলে স্পষ্ট জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর নগর ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এর আগে তিনি ডিএসসিসির প্রশাসক আব্দুস সালাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সম্ভাব্য মেয়র প্রার্থী হওয়ার বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন ইশরাক হোসেন।

এরআগে গত সপ্তাহে ইশরাক সিটি নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার ঘোষণা দেন।

শনিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচন করার আগ্রহ জানিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। তবে সেটিই চূড়ান্ত সিদ্ধান্ত নয়।

“আমি দলীয় মনোনয়নে ঢাকা-৬ আসনে নির্বাচন করেছি। সামনে সিটি করপোরেশন নির্বাচন রয়েছে। সেখানে দলীয় মনোনয়ন যিনি পাবেন, তিনিই নির্বাচন করবেন। দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত,”—বলেন তিনি।

তিনি আরও জানান, দলীয় শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়াই তাঁর প্রধান লক্ষ্য। ব্যক্তিগত আগ্রহের চেয়ে দলীয় সিদ্ধান্তকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি তিনি গুরুত্বসহকারে উল্লেখ করেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন ডিএসসিসি নির্বাচনকে ঘিরে দলগুলোর ভেতরে সম্ভাব্য প্রার্থী নিয়ে আলোচনা শুরু হয়েছে। রাজধানীর এই গুরুত্বপূর্ণ সিটি করপোরেশন দেশের রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করে। উন্নয়ন কার্যক্রম, নগর ব্যবস্থাপনা, যানজট নিরসন ও নাগরিক সেবার মানোন্নয়ন—এসব ইস্যু সামনে রেখে নির্বাচন ঘিরে আগ্রহ বাড়ছে।

উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন দেশের অন্যতম বৃহৎ নগর প্রশাসনিক সংস্থা। সিটির মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দলীয় মনোনয়ন একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়। দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় থেকেই পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

x

Check Also

আড়াই বছরের মধ্যে ঢাকার চার আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তর, আসছে রুটভিত্তিক কোম্পানি ব্যবস্থা

এমএনএ প্রতিবেদক রাজধানী ঢাকার যানজট কমানো, গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আধুনিক পরিবহন ব্যবস্থাপনা গড়ে ...