শিক্ষাঙ্গন প্রতিবেদক
ঢাকা শিক্ষা বোর্ডসহ দেশের পাঁচটি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নতুন চেয়ারম্যানও নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, খুলনার সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরুখে আযম মু. আব্দুস ছালামকে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।
রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব ড. শামীম আরা চৌধুরীকে একই বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া কুমিল্লার দেবীদ্বার এস এ সরকারি কলেজের দর্শন বিভাগের অধ্যাপক মো. আহসান পারভেজকে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, চট্টগ্রাম কমার্স কলেজের উপাধ্যক্ষ ও হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ ফরকুল মাওলাকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আরেকটি প্রজ্ঞাপনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) ওএসডি এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডে সংযুক্ত ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানকে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে পদায়ন করা হয়।
এছাড়া কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব ও অর্থনীতি বিভাগের অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমানকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যানরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

